বিরোধী দলে এসে এখন হরতালের পক্ষে জামায়াত
বিএনপির হরতাল ও গণ-অবস্থান কর্মসূচিকে সমর্থন জানিয়েছে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। জামায়াত বলেছে, তারা জনদুর্ভোগ কমাতে হরতাল করবে। অবশ্য হরতালে জনদুর্ভোগ কমে কি না, জানতে চাইলে দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জনদুর্ভোগ কমবে কি কমবে না, সেটা বড় কথা নয়। সংবিধানসম্মত আন্দোলনের একটি প্রক্রিয়ার নাম হরতাল।’আজ রোববার রাতে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ কথা বলেন।গতকাল রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতের নেতাদের সঙ্গে দেখা করে তাঁদের কর্মসূচিতে জামায়াতের সম্পৃক্ততা কামনা করেন। এরই পরিপ্রেক্ষিতে জামায়াত তাদের অবস্থান ঠিক করতে আজ দলের নির্বাহী পরিষদের বৈঠক ডাকে। বৈঠকে উপরিউক্ত সিদ্ধান্তগুলো হয়।মাগরিবের নামাজের পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মতিউর রহমান নিজামীর নেতৃত্বে নির্বাহী পরিষদের এই বৈঠক বসে। বৈঠক শেষে মুজাহিদ সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান।মুজাহিদ বলেন, ‘গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের নেতাদের যে বৈঠক হয়েছে, সে বিষয়ে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সন্তোষ প্রকাশ করেছেন। পরিষদ মতৈক্যে এসেছে যে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও জোরালোভাবে আন্দোলন হওয়া দরকার।’জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তার সঙ্গে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেগুলোর ব্যাপারেও আমাদের সমর্থন থাকবে। আমাদের সিদ্ধান্ত হলো বিএনপির পক্ষ থেকে ৯ জুন (বুধবার) সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে গণ-অবস্থানের ঘোষণা করা হয়েছে, সে কর্মসূচিতে জামায়াত অংশ নেবে। আর এই কর্মসূচি বাস্তবায়নে যথাসম্ভব চেষ্টা করবে।’‘২৭ তারিখ হরতাল। এটা আমরা সমর্থন করব এবং তার সার্বিক সাফল্য কামনা করছি’, বলেন মুজাহিদ। তিনি বলেন, ‘আমরা যেহেতু হরতালের সাফল্য কামনা করছি, সেহেতু এটা কীভাবে সফল করা যায়, সে বিষয়ে আমরা দলীয়ভাবে বসব, বিএনপির সঙ্গেও আলোচনা করব।’কী কারণে হরতাল দিচ্ছেন, জানতে চাইলে মুজাহিদ অন্যান্য কারণের সঙ্গে জনদুর্ভোগ কমানোর উদ্দেশ্যের কথাও বলেন। তিনি বলেন, ‘আমরা হরতাল ডেকেছি জনদুর্ভোগ কমানোর জন্য। এতে সরকার চাপে পড়বে।’বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিরোধী দল হরতাল ডাকলে জামায়াত অভিযোগ করেছে, বিরোধী দল দেশকে অস্থিতিশীল করতে চায় বলে হরতাল করে। এখন জামায়াত কী বলবে, জানতে চাইলে মুজাহিদ সুস্পষ্ট বক্তব্য না দিয়ে বলেন, ‘আমাদের কথা ছিল। আওয়ামী লীগ শুরুতেই হরতাল দিয়েছে। ১৭ মাসে তারা ১৬টি হরতাল করেছে।’ক্ষমতায় থাকলে হরতাল খারাপ, আর ক্ষমতার বাইরে গেলে হরতাল ভালো—জামায়াত কি তাহলে এমনটি মনে করে, জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘এটা কারও মত হতে পারে। তবে জনগণ এটা মনে করে না। এখন বিরোধী দলে যারা আছে, তারা যৌক্তিক ভূমিকা পালন করছে বলে জনগণ মনে করে।’