ক্ষমতাসীন মহাজোট তিন বছর পর বিরোধী দলে যাবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ক্ষমতার দুই বছর শেষ। তিন বছর পর তো ক্ষমতা ছাড়তে হবে। তখন বিরোধী দলে গেলে কী হবে, তা ভাবতে হবে।’আজ শুক্রবার বড় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মকবুল আহমাদ এ কথা বলেন। গত জুন মাসে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই অধিবেশন করার কথা ছিল। কিন্তু জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচজন নেতার গ্রেপ্তারের পর অধিবেশন পিছিয়ে যায়।অধিবেশনে শুরার ২৭২ জন সদস্যের মধ্যে প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাসহ বেশ কয়েকজন বর্তমানে গ্রেপ্তার থাকায় তাঁদের ছাড়াই অধিবেশন করতে হয় জামায়াতকে। অধিবেশন শুরুর আগে মকবুল আহমাদ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘ক্ষমতায় বসে দায়-দায়িত্ব ঠিকভাবে পালন না করলে শুধু জাতির কষ্ট হয় না, একসময় নিজেদেরও কষ্ট বাড়বে। এ কথা ক্ষমতাসীনদের বুঝতে হবে।’শুরা সদস্যদের কঠিন আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘এমন আন্দোলন গড়ে তুলবে হবে যে জুলুমের পথ ছেড়ে হয় তারা (সরকার) সংশোধন হবে, না হয় তাদের পতন হবে। ...আমরা রাস্তায় দাঁড়াবই। কেউ ওয়ারিশ সূত্রে এই রাস্তার মালিক নয়। এই জুলুম চিরদিন থাকবে না।’বাহাত্তরের সংবিধানে ফেরার বিরোধিতা করে জামায়াতের এই নেতা বলেন, ‘মনে হয় বাহাত্তরের সংবিধানে ফিরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এর মাধ্যমে তারা ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে চায়।’মকবুল আহমাদ বলেন, ‘আমাদের দেশে অমুসলিমদের ওপর কোনো জুলুম হচ্ছে না। তারা শান্তিতে আছে। অথচ সরকার সাম্প্রদায়িকতা তালাশ করছে। জিহাদ ও জঙ্গিবাদের কথা বলে তারা ইসলামকে নিষিদ্ধ করতে চায়, জামায়াতকে সাইজ করতে চায়। এটা যে শুধু জামায়াতে ইসলামীর বিরোধিতা নয়, ইসলামের বিরোধিতা—এ কথা সবাইকে বুঝতে হবে।’জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আবুল কামাল মুহাম্মদ ইউসুফ, অধ্যাপক নাজির আহমদ, মাওলানা আবদুস সুবহান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, মীর কাসেম আলী প্রমুখ অধিবেশনে উপস্থিত ছিলেন।