আজ সোমবার বিকেল চারটায় সংসদের শরৎকালীন অধিবেশন শুরু হচ্ছে। নবম জাতীয় সংসদের এটি ষষ্ঠ অধিবেশন। তবে প্রধান বিরোধী দল বিএনপি আজ অধিবেশনে যাচ্ছে না। বিরোধীদলীয় সদস্যরা গত অধিবেশনের প্রথম দিন এক দিনের জন্য যোগ দিলেও পরে আর ফেরেননি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সংসদে গত অধিবেশন পর্যন্ত ১৫৮ কার্যদিবসের মধ্যে মাত্র পাঁচ দিন উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন ১১৭ দিন। আর অষ্টম জাতীয় সংসদে ৩৭৩ কার্যদিবসের মধ্যে ওই সময়ের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ৭২ দিন উপস্থিত ছিলেন। এই হিসাবে দেখা যায়, বিরোধী দলে থাকলে দুই নেত্রীরই সংসদে উপস্থিতি কম।অষ্টম সংসদে সবচেয়ে বেশি ৩৬০ দিন উপস্থিত ছিলেন তৎকালীন প্রতিমন্ত্রী রেজাউল করিম। বেশি উপস্থিতির জন্য অষ্টম সংসদের শেষ দিনে ২০০৬ সালের ৪ অক্টোবর রেজাউলসহ ৩২ সাংসদকে পুরস্কৃত করা হয়েছিল।আর বর্তমান সংসদের ১৫৮ দিবসের সব দিনই অধিবেশনে যোগ দেন নীলফামারী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এ এ মারুফ সাকলাইন।সংসদ সচিবালয়ের আইন শাখার তৈরি করা উপস্থিতির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। ১৫৬ দিন উপস্থিত থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মোস্তফা জালাল মহিউদ্দিন, এ বি এম গোলাম মোস্তফা ও সুকুমার রঞ্জন ঘোষ। স্পিকার আবদুল হামিদ ও হুইপ সাগুফতা ইয়াসমীন ১৫৩ দিন করে উপস্থিত ছিলেন।এ বিষয়ে স্পিকার প্রথম আলোকে বলেন, যাঁরা নিয়মিত সংসদে উপস্থিত থাকবেন, তাঁদের পুরস্কৃত করার বিধান করা যেতে পারে। বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, এ অধিবেশনে যোগ দিয়েও তাঁরা অভাব-অভিযোগের কথা বলতে পারেন।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, বিএনপি এখনো সংসদে ফেরার সিদ্ধান্ত নেয়নি। তবে সময় আছে, দেখা যাক কী হয়। তিনি বলেন, বিএনপি অধিকার রক্ষার দাবিতে সংসদ বর্জন করছে।১৫৮ দিনের মধ্যে বিএনপির সদস্যরা গড়ে ১০ থেকে ৪৪ দিন উপস্থিত ছিলেন। বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসাইন উপস্থিত ছিলেন মাত্র ১০ দিন। বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমানের উপস্থিতি ১১ দিন।সরকারি দলের সদস্যদের মধ্যে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সবচেয়ে কম সময় ৪৭ দিন সংসদে উপস্থিত ছিলেন। ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ উপস্থিত হয়েছেন মাত্র ২২ দিন।আওয়ামী লীগের আবদুর রাজ্জাক ও তানজিম আহমদ সোহেল তাজ গত অধিবেশনে টানা অনুপস্থিত ছিলেন।২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম সংসদ অধিবেশন শুরু হয়। ৩৪৫ আসনের এ সংসদে বিএনপির সদস্যসংখ্যা ৩৫, জামায়াতে ইসলামীর ২ ও বিজেপির ১।এই অধিবেশন হবে সংক্ষিপ্ত: সংসদের চলতি অধিবেশন হবে সংক্ষিপ্ত। আজ সোমবার শুরু হয়ে শেষ হবে আগামী ৫ অক্টোবর। মাঝে এক সপ্তাহের বিরতি থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন বিকেল চারটায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশনের জন্য গতকাল রোববার পর্যন্ত ছয়টি নতুন বিল জমা পড়েছে। পুরোনো বিল রয়েছে ১০টি। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিল, ২০১০; প্রবাসী কল্যাণ বিল, ২০১০; আন্তর্জাতিক মাতৃভাষা বিল, ২০১০; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল, ২০১০; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল, ২০১০; রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল, ২০১০; বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল, ২০১০ এ অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।