বিরোধী দলে থাকলেই হরতাল
সব বিষয়ে তীব্র দ্বিমত, প্রবল বিরোধিতা। কিন্তু হরতাল কর্মসূচি নিয়ে দুই নেত্রীর অবস্থান অভিন্ন। ক্ষমতায় থাকাকালে দুজনই হরতালকে ‘না’ বলেন আর বিরোধী দলে থাকলে হরতাল হয়ে যায় প্রিয় কর্মসূচি। এ মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের।২০০৪ সালের ২৯ ফেব্রুয়ারি সাভারে বিশাল জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, গণতন্ত্রের নামে হরতাল ডেকে আওয়ামী লীগ যা করছে, তা সন্ত্রাস ছাড়া কিছু নয়। হরতাল করে জনসমর্থন আদায় করা যাবে না। জনগণ আর হরতাল চায় না। জনসমর্থন পেতে হলে সংসদে গিয়ে কথা বলুন।১৯৯৯ সালের ২ মার্চ কক্সবাজারে বিশাল জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বাংলাদেশের মানুষ আর হরতাল চায় না। জনগণের ক্ষতি করে হরতাল কেন? লাগাতার হরতাল দিয়ে সরকার উৎখাত করা যাবে না।’দুই নেত্রীই ক্ষমতায় থাকাকালে হরতালকে গণবিরোধী ও ধ্বংসাত্মক বলেছেন। আর বিরোধী দলে থাকাকালে বলেছেন, হরতাল জনগণের গণতান্ত্রিক অধিকার। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বিএনপি এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ অসংখ্য দিন হরতাল পালন করেছে, সংসদ বর্জন করেছে।দুই নেত্রীর দুই মেয়াদে হরতালের পরিসংখ্যান পাওয়া যায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সংবাদপত্রে হরতালচিত্র শীর্ষক গ্রন্থে। এতে দেখা যায়, ১৯৯০ সালের ৭ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩০ মার্চ পর্যন্ত জাতীয়ভাবে ৮১ দিন, ঢাকা ও আঞ্চলিকভাবে ৬৯, স্থানীয়ভাবে ২৬৬—মোট ৪১৬ দিন হরতাল পালিত হয়েছে। ’৯১-এর ১৯ মার্চ দায়িত্ব নেন খালেদা জিয়া। তাঁর এই আমলে জাতীয় পর্যায়ে ৮১ দিন হরতালের মধ্যে ২১ দিন হচ্ছে ’৯৬ সালের ৭ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত সময়কালে। ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন প্রতিরোধে ওই সময় হরতাল ও অসহযোগ কর্মসূচি পালন করা হয়। খালেদার এই পাঁচ বছরে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছে দাবি করা হলেও সংবাদপত্র ঘেঁটে এই দাবির সত্যতা মেলেনি বলে ওই গ্রন্থে বলা হয়েছে।আর ১৯৯৬ সালের ২৩ জুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এ সময় থেকে ২০০০ সালের ১২ জুন পর্যন্ত হরতাল হয়েছে জাতীয়ভাবে ৪৫ দিন, ঢাকা ও আঞ্চলিকভাবে ৪৭, স্থানীয়ভাবে ১৯১—মোট ২৮৩ দিন।টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, জনগণের ভালোর জন্য কোনো হরতাল ডাকা হয় না। ব্যক্তি ও দলের স্বার্থে হরতাল ডাকা হয়। বলা হয়, হরতাল ডাকা গণতান্ত্রিক অধিকার। তাহলে হরতাল না মানাও গণতান্ত্রিক অধিকার। কিন্তু এ কথা তাঁরা বলেন না। তিনি বলেন, মানুষকে ভয় দেখিয়ে হরতাল করানো হয়। এতে দেশের ক্ষতি হচ্ছে। মুষ্টিমেয় দলীয় কর্মী ছাড়া হরতালের পক্ষে কেউ নেই। এ বিষয়ে গণভোট নিলেই তা প্রমাণিত হবে। ঈদের আগে হরতাল দেওয়া হলো। ৩০ তারিখ আবার হরতাল। কার স্বার্থে?এদিকে আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, এবার দলীয়ভাবে হরতালবিরোধী কোনো প্রচার বা বক্তব্য দেওয়া হবে না। গতকাল দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। লক্ষণীয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ক্ষমতায় এসে এখন পর্যন্ত হরতালবিরোধী কোনো বক্তব্য দেননি।২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বাংলাদেশে আসেন। তখন দুই নেত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ওই বছরের ৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে জিমি কার্টার জানান, শেখ হাসিনা ও খালেদা জিয়া আর হরতাল করবেন না বলে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন। সংসদ বর্জন করবেন না বলেও তাঁরা কার্টারকে আশ্বস্ত করেন। সংবাদ সম্মেলনে কার্টার জানান, রাজনৈতিক দলগুলো কোনো চুক্তিতে সই না করলেও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং কার্টার সেন্টারের যৌথ বিবৃতির শর্তগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।কিন্তু উভয় দল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ২০০১ সালের পর আওয়ামী লীগ হরতাল করেছে। ওই বছরের ৩ ডিসেম্বর বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া জাতীয় সংসদে হরতাল বন্ধে আইন করার কথা বললেও বিষয়টি আর এগোয়নি।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, রাজপথ যত কম ব্যবহার করা যায়, ততই উত্তম। হরতাল সহজ পন্থা হয়ে গেছে। ডাক দিলেই কিছু মানুষ কাজ থেকে বিরত থাকেন। মানুষের মধ্যে ভয় কাজ করে। এ কর্মসূচি পরিহার করা উচিত। তিনি বলেন, এক-এগারোর শিক্ষা হলো, রাজনীতি ও গণতন্ত্রের বিকল্প নেই।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা গেছে, এশিয়া ও আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও উত্তেজনায় আক্রান্ত। দেখা গেছে, এসব অস্থিরতা ও সহিংসতার মাত্রার ওপর নির্ভর করে প্রায় প্রতিটি দেশেরই প্রবৃদ্ধি নেমে গেছে। আর প্রবৃদ্ধি যেটুকু অর্জিত হয়েছে, অনেক ক্ষেত্রেই কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে ততটা সহায়ক হয়নি। এতে রাষ্ট্রের বিনিয়োগের ক্ষমতাই শুধু হ্রাস পায়নি, হতাশার সৃষ্টি হয়েছে ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রেও। আর এসব কারণে এলডিসিভুক্ত দেশগুলো বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ও বিনিয়োগের সুবিধা থেকে বঞ্চিত থেকে যায়। বিশ্বমন্দা ও জলবায়ু পরিবর্তনের কারণে দেশগুলো এখন বাড়তি ঝুঁকির মধ্যে রয়েছে।