বিরোধী দলের ইতিবাচক সাড়া পেলে সংলাপ: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নে বিরোধী দলের ইতিবাচক সাড়া পেলে সংলাপে বসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাত্কারে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন, সে ব্যাপারে বিরোধী দল ইতিবাচক সাড়া দেবে। বিএনপি প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমি হতাশ নই। আমরা রাজনীতিবিদেরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিই; আবার বাস্তবতা বুঝে সিদ্ধান্ত পরিবর্তনও করি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এতে উপস্থিত ছিলেন। খবর বাসস।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিরোধী দল যদি আগেই বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, তাহলে আলোচনার ব্যাপারে আমাদের দিক থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার সুযোগ কম থাকে। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি কোনো ইতিবাচক কথা বললে আওয়ামী লীগ আলোচনায় বসার আহ্বান জানাতে পারে।’ আগামী নির্বাচনের রূপরেখা কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়টি নির্ধারণের জন্যই তো বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার কথা বারবার বলা হচ্ছে। আমরা চাই, তারা সংসদে এসে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা কী হবে তা নিয়ে প্রস্তাব দিক। তারপর দুই দলের আলাপ-আলোচনায় সমাধানের পথ বের হয়ে আসবে। বিএনপি আগে প্রস্তাব দিলে আমরা দেশের মানুষের মঙ্গলের জন্য যে কোনো প্রস্তাব মেনে নিতে পারি।’অনির্বাচিত সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে উল্লে¬খ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, সংবিধান সংশোধন করার সময় বিরোধী দলকে একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা সাড়া না দিয়ে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চেয়েছে। আগামী নির্বাচন সংবিধান অনুসারেই হবে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আন্দোলন করছে তা থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘হাওয়া ভবনের মাধ্যমে বিগত সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে। সে টাকা দিয়ে লন্ডনে বসে তারেক রহমান আরাম-আয়েশে দিন কাটাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় যদি তারেক রহমান কোটি কোটি টাকা বিদেশে পাচার না-ই করে, তাহলে এত টাকা পাবে কোথা থেকে?’ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নোবেল পেয়েছেন বলে তিনি আইনের ঊর্ধ্বে নন। সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করার জন্য নয়, জনগণকে গ্রামীণ ব্যাংকের অবস্থান জানানোর জন্যই এমন ব্যবস্থা নিচ্ছে। ব্যাংকের সম্পদের হিসাব জানার অধিকার সবার আছে।’ তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক মানুষ আত্মহত্যা করেছে, কেউ রিকশা চালাচ্ছে, কেউ বুয়ার কাজ করছে। তাহলে তিনি দেশের কাজ করলেন কীভাবে? যে যত বড় সম্মানিত ব্যক্তিই হন, আইন সবার কাছে সমান।’বর্তমান সরকারের সফলতা তুলে ধরে হানিফ বলেন, সরকার মানুষকে দ্রুত বিদ্যুত্ দেওয়ার জন্য কুইক রেন্টাল চালু করেছে। এ সরকারের মেয়াদেই বিদ্যুত্-সমস্যার সমাধান হবে। র্যাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকার র্যাবকে দলীয় কাজে ব্যবহার করেছে। আর এখন র্যাব সন্ত্রাস দমনে কাজ করছে।