বিরোধী দলের উপস্থিতিতেও নিরুত্তাপ সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের উপস্থিতিতেও গতকাল বুধবার সংসদ অধিবেশন ছিল নিরুত্তাপ। ১১ ফেব্রুয়ারি সংসদে ফেরার পর গতকালই বিরোধী দল ওয়াকআউট করেনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময়ের জন্য সংসদে উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গতকালও সংসদে আসেননি। প্রায় ১০ মাস পর সংসদে ফেরার প্রথম দিন ছাড়া তিনি গতকাল পর্যন্ত সংসদে যোগ দেননি।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ বসলে অধিবেশনের শুরুতে গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি বিল-২০১০ পাস হয়। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বিলটি সংসদে উপস্থাপন করেন। এর আগে কোর্ট ফি (সংশোধন) বিল-২০১০ উপস্থাপিত হয়। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলে কোর্ট ফির হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় অংশ নিয়ে এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি সংসদে স্বাধীনভাবে কোনো বক্তব্য দিতে পারেন না। শুধু পাঠ করেন। তিনি ভাষণের সমালোচনা করে বলেন, এতে কোনো দিকনির্দেশনা ছিল না। শুধু ২০০৯ সালে সরকারের কর্মকাণ্ডের বর্ণনা ছিল।অলি আহমদ সরকারের কিছু সাফল্য ও ব্যর্থতা তুলে ধরে বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিন্তু আইএমএফের চাপ সত্ত্বেও কৃষিতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ। তিনি রেমিট্যান্স বৃদ্ধি, বিশ্বমন্দার মধ্যে অভ্যন্তরীণ অর্থনীতিতে চাঙা ভাব, রাজস্ব আদায় বৃদ্ধি এবং শেয়ারবাজারের উন্নতিতে প্রশংসা করেন। দেশি-বিদেশি বিনিয়োগে মন্দা, গ্যাস ও বিদ্যুতের সংকট, চাঁদাবাজি এবং কিছু নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন।অলি আহমদ আরও বলেন, নেতা-নেত্রীদের তোষামদের জন্য নামকরণে জনগণের কিছু আসে-যায় না। বিএনপির এমন অবস্থার জন্য জনগণ দায়ী নয়, দায়ী বিএনপির মন্ত্রী-সাংসদেরা। বর্তমান সরকারের হাতে এখনো সময় আছে, তাদের এ অবস্থা থেকে শিক্ষা নিতে হবে। তিনি গরিব মানুষের সমস্যা নিয়ে আলোচনার পরামর্শ দেন।আওয়ামী লীগের মনোরঞ্জন শীল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের আক্রমণে আহত ব্যক্তিদের হাসপাতালে দেখতে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডবে যেন আর কোনো মেধাবী ছাত্রকে নিহত হতে না হয়। তিনি রাজশাহীর ঘটনার আগের দিন যারা সেখানে গিয়ে নির্দেশ দিয়েছে, তাদের গ্রেপ্তার করার দাবি জানান।বিএনপির আমজাদ হোসেন বলেন, ‘জনগণ ১০ টাকায় চাল খাওয়ার কথা জানতে চায়, নির্বাচনী ওয়াদা পূরণের কথা জানতে চায়। তিনি ১০ ট্রাক অস্ত্র আনার দায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল ও চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ওপর চাপান। তিনি বলেন, আবদুল জলিল ঘোষণা দিয়েছিলেন, তাঁর কাছে ট্রাম কার্ড আছে। তিনি এই অস্ত্র আমদানির ট্রাম কার্ডের কথা বলেছিলেন।সোহরাব আলী সানা বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুর আগে “জিয়া স্বাধীনতার ঘোষক”—এ কথা কখনো শুনিনি।’ বিএনপির নাজিম উদ্দিন বলেন, ‘জিয়াউর রহমানের লাশ নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে শেখ মুজিবের লাশ নিয়েও আমরা প্রশ্ন তুলব।’ আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দার বলেন, খুনিদের আশ্রয়-প্রশ্রয় যারা দেয়, তাদেরও খুনি ধরে নেওয়া যায়। গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দুই লাখ ৮৬ হাজার কোটি টাকা লুটপাট হযেছে। বিএনপির মোজাহার আলী প্রধান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ অতিষ্ঠ। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক আজ বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।