বিরোধী দলের ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় আজ সোমবার বিরোধীদলীয় সাংসদেরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। সন্ধ্যা সাতটা ১৬ মিনিটে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিনের নেতৃত্বে বিরোধী দলের সাংসদেরা অধিবেশনের কক্ষ ত্যাগ করেন। সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত আলোচনার সময় এ ঘটনা ঘটে।এ সময় বিরোধীদলীয় সাংসদ শহীদউদ্দিন চৌধুরী ক্ষিপ্ত হয়ে তাঁর হাতের ফাইলটি ছুড়ে মারেন। সেই ফাইলটি গিয়ে পড়ে অধিবেশন কক্ষের ভিআইপি গ্যালারিতে। তখন সংসদ পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী। শহীদ উদ্দিন ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, ‘আপনি নিরপেক্ষ নন, আপনি ইচ্ছে করে হাউসকে উসকে দিচ্ছেন, সংসদকে অকার্যকর করছেন।’শওকত আলীকে উদ্দেশ করে জয়নুল আবদি বলেন, ‘আপনার সভাপতিত্বে সংসদে থাকা যায় না।’ তিনি এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে সরকারদলীয় সাংসদ নাজমা আক্তারের দেওয়া বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। তাঁর এই দাবিতে স্পিকার কোনো সাড়া না দিলে বিরোধীদলীয় সাংসদেরা হইচই শুরু করেন।এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নাজমা আক্তার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে দাবি করেন। এ সময় তিনি খালেদা জিয়াকে নিয়েও কটূক্তি করেন।এর আগে ১৫ মার্চ এই একই কারণে বিরোধী দল সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছিল।বিরোধী দলের ব্রিফিংওয়াকআউটের পর রাতে সংবাদ ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন অভিযোগ করেন, নেতা-নেত্রীদের সম্পর্কে অশোভন উক্তি করে সরকার সংসদকে অকার্যকর করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান না বিরোধী দল সংসদে থাকুক।জয়নুল আবদিন বলেন, ‘সরকারি দলের একজন নারী সাংসদ আমাদের নেতা শহীদ জিয়া, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে অশোভন বক্তব্য রাখার পরও ডেপুটি স্পিকার তাঁর জন্য সময় আরও বাড়িয়ে দেন। আমরা তাঁর দৃষ্টি আকর্ষণ করার পরও আমাদের ফ্লোর দেননি। তিনি আমাদের দেখেও দেখেননি। তারেক রহমান ও আরাফাত রহমানের মামলা এখনো বিচারাধীন। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। অথচ সরকারি দলের সদস্যরা তাঁদের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছেন। নেতা-নেত্রীদের সম্পর্কে অশালীন বক্তব্য রাখা হলে তা এক্সপাঞ্জ করা হবে—স্পিকারের এমন রুলিং থাকলেও ডেপুটি স্পিকার ওই বক্তব্য এক্সপাঞ্জ করেননি।’বিএনপির সংসদীয় দল ডেপুটি স্পিকারের এই আচরণের নিন্দা জানিয়ে ওয়াকআউট করেছে বলে জানান জয়নুল আবদিন জানান।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাংসদ মাহবুব উদ্দিন, নজরুল ইসলাম, রেহেনা আক্তার, সৈয়দা আসিফা আশরাফী, শাম্মী আখতার, নিলুফার চৌধুরী, রাশেদা বেগম, শেখ সুজাত মিয়া প্রমুখ।