বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে অষ্টম অধিবেশন শেষ
বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে জাতীয় সংসদের ঘটনাবহুল অষ্টম অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হলো আজ। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনার সুযোগ না দেওয়ায় বিরোধী দল অধিবেশন শেষ হওয়ার কয়েক মিনিট আগে ওয়াকআউট করে।এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, রেওয়াজ অনুযায়ী এ ধরনের সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনার নজির নেই।প্রায় ১০ মাস পর এ অধিবেশনের শেষ দিকে বিরোধী দলের সাংসদেরা ফিরে আসায় অধিবেশনটি ছিল প্রাণবন্ত। গত ২৫ জানুয়ারি সংসদের এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুর দিনই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাষণ দেন। আর শেষ দিনে এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। আজ অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখা হাসিনা সমাপনী ভাষণ দেন।অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার আবদুল হামিদ বলেন, বিরোধী দল সংসদে সরকারের সমালোচনা করেছে এবং মতভিন্নতার কারণে ওয়াকআউট করেছে। এটা সংসদীয় কাজের অংশ। বিরোধী দল ভবিষ্যতেও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারবে। গণতন্ত্রের স্বার্থে সরকারি ও বিরোধী দল পরস্পরকে আস্থায় নিতে হবে। সংসদকে প্রাণবন্ত রাখায় তিনি সরকারি ও বিরোধী দলের সাংসদদের ধন্যবাদ জানান।এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত আলোচনায় সরকারি ও বিরোধী দলের ২২৭ জন সাংসদ অংশ নেন। আলোচনা হয় মোট ৪১ ঘণ্টা ২৬ মিনিট।এ অধিবেশনের ৩৩টি কর্মদিবসে মোট ১৫টি বিল উত্থাপিত হয়। এর মধ্যে পাস হয়েছে ছয়টি। জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ৭০৭টি নোটিশ জমা পড়েছে। এর মধ্যে গৃহীত হয় ৪৫টি। গৃহীত নোটিশের মধ্যে আলোচনা হয়েছে ২৪টি নোটিশের ওপর।অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২৪৬টি প্রশ্ন উত্থাপিত হয়। এর মধ্যে তিনি ৮৩টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য উত্থাপিত হয় পাঁচ হাজার ১৩৮টি প্রশ্ন। এর মধ্যে মন্ত্রীরা তিন হাজার ২৪৬টি প্রশ্নের উত্তর দেন।