বিরোধী দলের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবলীগের কর্মসূচি ঘোষণা
প্রধান বিরোধী দল বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ১৯-৩০ অক্টোবর পর্যন্ত সমাবেশসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ অক্টোবর যুবলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ; ২৪ অক্টোবর জেলা সদরে সমাবেশ; ২৫ অক্টোবর মোহাম্মদপুরে যুবলীগ (উত্তর) শাখার সমাবেশ; ২৮ অক্টোবর সারা দেশের উপজেলা সদরে সমাবেশ এবং ৩০ অক্টোবর মুক্তাঙ্গনে যুবলীগের কেন্দ্রীয় সমাবেশ। আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবলীগের পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে যুবলীগের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার কার্যক্রম, যুদ্ধাপরাধীদের বিচারকাজ ও ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বন্ধ করা যদি বিএনপির রাজনীতি হয়, তাহলে সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। বিএনপি এসব কার্যক্রম নস্যাত্ করার রাজনীতি করছে। যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু এখন একটি বাড়ি ও বেগম জিয়ার দুই ছেলেকে রক্ষা করা। এর বিরুদ্ধে যুবলীগ সোচ্চার থাকবে।লিখিত বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম বলেন, বিএনপি ও জামায়াতের নেতারা এখন আর রাজনীতির ভাষায় কথা বলেন না। তাঁরা প্রধানমন্ত্রীকেও প্রাণনাশের হুমকি দিয়েছেন। খালেদা জিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে যে ভাষায় হুমকি দিচ্ছেন, তা দেশদ্রোহের শামিল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের নেতা হারুন অর রশিদ, ফারুক হোসেন, মজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান, ফজলুল হক আতিক প্রমুখ।