বিরোধী দলের কাছে কোনো ইস্যু নেই
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বিরোধী দলকে ইঙ্গিত করে বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে কেউ আন্দোলন করতে চাইলে তাকে জনগণের সমর্থন পেতে হবে। বর্তমান বিরোধী দলের কাছে এমন কোনো ইস্যু নেই, যে ইস্যু দিয়ে তারা আন্দোলন করবে। নিজের স্বার্থ বা দলীয় স্বার্থ সফল করতে আন্দোলনের ডাক দিলে সে আন্দোলন কখনো জনগণ সমর্থন করবে না।আজ রোববার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় যুবলীগের প্রতিনিধি সভা ও ঈদ পুনর্মিলনীতে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কোনো দল নিজেদের স্বার্থ হাসিল করা জন্য আইনশৃঙ্খলা রক্ষায় বাধা সৃষ্টি করে, তবে রাষ্ট্রের সর্বাত্মক শক্তি দিয়ে তা দমন করা হবে। তিনি আরও বলেন, ‘কেউ যদি গাড়ি-ঘোড়া ভাঙতে চান কিংবা দোকানে আগুন দিতে চান, তা হলে সবার আগে নিজের গাড়ি, নিজের দোকান ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করুন।’এর আগে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নেন মহীউদ্দিন খান আলমগীর। এতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।