বিরোধী দলের দুই দফা ওয়াকআউট
বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের দুই দফা ওয়াকআউটে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম দফায় বিকেল পাঁচটায় অধিবেশন শুরুর দুই মিনিটের মাথায় ফ্লোর না পেয়ে মওদুদ আহমদের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে। প্রায় দুই ঘণ্টা পর তারা অধিবেশনে ফিরে আসে। এ সময় পয়েন্ট অব অর্ডারে মওদুদ আহমদের প্রায় ১৫ মিনিটের বক্তব্য শেষে দ্বিতীয় দফা ওয়াকআউট করেন বিরোধী দলের সাংসদেরা।দ্বিতীয়বার ওয়াকআউটের আগে মওদুদ আহমদ বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা আমার দেশের ডিক্লারেশন বাতিল এবং পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করল।’ এর আগে তিনি আমার দেশের প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের নির্দেশনা বাতিল এবং মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তি দাবি করেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার একের পর এক গণমাধ্যম বন্ধ করে প্রমাণ করছে, দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই। ১৯৭৫ সালেও তারা একই কায়দায় চারটি সংবাদপত্র বাদে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল।মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে, বিগত সেনাসমর্থিত তত্ত্ব্বাবধায়ক সরকারের ধারায় তারা অবৈধভাবে সরকার চালাচ্ছে। দিনবদলের পালা নয়, দিনবদলের জ্বালা এসেছে। তিনি বলেন, আজম জে চৌধুরীর মামলা করার এক দিনের মধ্যেই যেভাবে সেদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ একই কায়দায় আমার দেশ পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।মওদুদ আহমদের বক্তৃতা শেষে বিরোধী দলের সাংসদেরা ওয়াকআউট করেন। দলের অধিকাংশ সাংসদ এ সময় উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে যোগ দেননি।বিরোধী দলের ওয়াকআউটের পর তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দৈনিক আমার দেশের কোনো বৈধ প্রকাশক না থাকায় ঢাকার জেলা প্রশাসক ছাপাখানা, প্রকাশনা ও নিবন্ধন আইন অনুসারে এর প্রকাশনা বাতিল করেছে। পত্রিকাটির সাবেক প্রকাশক হাসমত আলীর মামলার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এ সিদ্ধান্ত নিয়েছে। আর চ্যানেল ওয়ানের প্রচার বন্ধ হয়েছে আদালতের নির্দেশনায়। সরকার কোনো প্রকাশনা বন্ধ করেনি। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলেই সরকারে এসেই তথ্য অধিকার আইন পাস করেছে। তথ্য কমিশন গঠন করেছে।এর আগে বিকেল পাঁচটায় বিরোধী দলের উপস্থিতিতেই জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। স্পিকার আবদুল হামিদ অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাগত জানান।প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের আগে বিরোধী দলের মওদুদ আহমদ ফ্লোর চাইলে স্পিকার বলেন, প্রশ্নোত্তর পর্বের পরে দেওয়া হবে। বিরোধী দলের সাংসদেরা এর প্রতিবাদ করলে স্পিকার বলেন, বিধি ভেঙে কাজ করা যাবে না। এ সময় মওদুদ আহমদের নেতৃত্বে বিরোধী দলের সাংসদেরা ওয়াকআউট করেন।সংসদের চলতি অধিবেশন আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে। এর মধ্যে আগামী ১০ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন।