বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর ওপর জামায়াত-শিবিরের হামলা এবং সিরাজগঞ্জের বেলকুচিতে শুক্রবার বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশ-আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শিবগঞ্জে দুটি মামলায় প্রায় এক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। বেলকুচিতে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ২৯ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়। পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। শিবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলা ও অগ্নিসংযোগের মামলার আসামি ধরতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাব, পুলিশ ও বিজিবির একটি যৌথ দল শ্যামপুর গ্রামে যায়। এ সময় জামায়াত-শিবিরের লোকজন নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালান। এ সময় গুলিতে তিনজনের মৃত্যু হয়।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং বিশৃঙ্খলার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে শুক্রবার রাতে পুলিশ দুটি মামলা করেছে। থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার শিকদার ও শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দীপক কুমারের মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। শহীদুল ইসলামের মামলায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে গতকাল শনিবার পর্যন্ত কোনো মামলা করা হয়নি।এদিকে চাঁপাইনবাবগঞ্জের ফুলকুড়ি ইসলামিক একাডেমি ও শিবগঞ্জ উপজেলার শ্যামপুর উচ্চবিদ্যালয় মাঠে জামায়াত-বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে নিহত তিনজনের গায়েবানা জানাজা হয়। জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া বলেন, নিহত তিনজনের লাশ আসার পরই শিবগঞ্জে জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে সুরতহাল প্রতিবেদন তৈরিতে দেরি করায় গায়েবানা জানাজা করা হয়েছে।গুলিতে তিনজন নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় ১৮ দল। কিন্তু একই স্থানে জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। এতে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কোনো পক্ষই শেষ পর্যন্ত কর্মসূচি পালন করেনি।জেলা প্রশাসক শাহ আলম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ ছাড়া শিবগঞ্জ পৌর এলাকা ও কানসাট বাজারে গতকাল বেলা তিনটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলার মৌপুর এলাকায় হরতালে নাশকতা ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মামলার আসামি জামায়াতের নেতা হাবিবুর রহমানকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে শুক্রবার পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে বেলকুচি থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান শুক্রবার রাতে একটি মামলা করেন। এতে বিএনপি-জামায়াতের স্থানীয় ২৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। বেলকুচি থানার এসআই ফারুক হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত শুরু হয়েছে। শুক্রবার নিহত সর্বতুলসী গ্রামের গ্রামের আবদুল মজিদের ছেলে জামায়াতের কর্মী ফরিদুল ইসলাম ও কল্যাণপুর গ্রামের আবদুল হামিদের ছেলে ছাত্রদলের কর্মী ইউনুস আলীর লাশ গতকাল সকালে জানাজা শেষে কল্যাণপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।