গাড়ি পোড়ানোর মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের কারাবন্দী নেতাদের মধ্যে পাঁচ সাংসদের ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাকি ২৯ নেতার জামিন প্রশ্নে রুল জারি হয়েছে। গতকাল রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের (ফৌজদারি বিবিধ) শুনানি নিয়ে এই জামিন ও রুল জারি করেন। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জামিন পাওয়া পাঁচ সাংসদ হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, সাংসদ বিবেচনায় পাঁচজনের ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে। অন্যদের ক্ষেত্রে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত। জামিন পাওয়া সাংসদদের আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, পাঁচ সাংসদ ছাড়া অন্যদের কেন জামিন দেওয়া হবে না, এ মর্মে কারণ দর্শাতে রুল জারি করা হয়েছে। আইনজীবীরা জানান, গত দুই দিনে কারাবন্দী ৩৫ নেতার পক্ষে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক ১৭টি আবেদন (ফৌজদারি বিবিধ) করা হয়। এর মধ্যে সাদেক হোসেন খোকার আবেদনটি ছাড়া অপর আবেদনের ওপর গতকাল শুনানি হয়। সাদেক হোসেনের জামিনের বিষয়ে আজ সোমবার শুনানি হওয়ার কথা। গতকাল বেলা আড়াইটার দিকে আদালতে প্রথমে মাহবুব উদ্দিন খোকনের আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। তারপর আইনজীবী আহসানুল করিম শুনানিতে বলেন, মামলার এজাহারে বলা হয়, পাঁচ-ছয়টি মাইক্রোবাসে করে আসামিরা গিয়ে বাসে আগুন দিয়েছেন। কিন্তু ওই সব মাইক্রোবাসের নম্বর কোথাও উল্লেখ নেই। বিরোধী দলের নেতারা মুঠোফোনে নির্দেশ দিয়েছেন বলা হচ্ছে। কিন্তু তা রেকর্ডে আনা হয়নি। এ পর্যায়ে আদালত জামিনের পক্ষে যুক্তি (গ্রাউন্ড) জানতে চান। জবাবে আহসানুল করিম বলেন, অভিযোগ সুস্পষ্ট নয়। তাঁরা কী করেছেন, কীভাবে অংশ নিয়েছেন, তা মামলায় উল্লেখ নেই। তিনি বলেন, মাহবুব উদ্দিন খোকন সাংসদ, এ বিবেচনায় জামিন পেতে পারেন। এ পর্যায়ে রফিক-উল হক সাংসদের প্রাধিকারবিষয়ক আইনের ধারা তুলে ধরেন। আদালত বলেন, কতজন সাংসদ আবেদন করেছেন। জবাবে রফিক-উল হক ও মওদুদ আহমদ পাঁচজন সাংসদের নাম বলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আইন অনুসারে মামলার রেকর্ড পর্যালোচনা ও বিবেচনা করে এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে আদালত জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে এ আদালতের সামনে মামলার কোনো রেকর্ড নেই। এই পর্যায়ে জামিনের সুযোগ নেই। আর কারাগারে থাকলে সাংসদদের প্রাধিকারবিষয়ক আইনের সংশ্লিষ্ট ধারা বিবেচনার সুযোগ নেই। একপর্যায়ে আদালত সাংসদদের জামিন ও অন্যদের ক্ষেত্রে রুল দেওয়ার কথা বলেন। এরপর খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন উত্থাপন করা হলে আদালত এক সপ্তাহের রুল জারির কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন আবেদন উত্থাপন করে মওদুদ আহমদ বলেন, দুলুর বিষয়টি একেবারেই আলাদা। নাটোরের আদালতের রেকর্ড বলছে, ওই দিন দুলু নাটোরের আদালতে ছিলেন। এরপর পর্যায়ক্রমে শফিউল আলম প্রধান, মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, আ স ম হান্নান শাহ, রুহুল কবির রিজভী, কামরুজ্জামান রতন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হাবিব-উন-নবী-খান সোহেলসহ অন্যদের আবেদন তুলে ধরা হয় এবং রুল জারি হয়। শুনানিকালে আবেদনকারী পক্ষে আরও ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম, নাসিরউদ্দিন আহমেদ, রাগীব রউফ চৌধুরী প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে আরও ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলা করে। এর ১১ দিনের মাথায় বিরোধী দলের শীর্ষস্থানীয় এসব নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্ত বিরোধী দলের নেতারা প্রথমে হাইকোর্টে আগাম জামিন চান। এরপর ১৬ মে মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠান। এরপর ২৩ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও তাঁদের জামিন আবেদন নাকচ হয়।