বিরোধী দলের ভূমিকায় মানুষ সন্তুষ্ট নয়
বিরোধী দল সংসদে যোগ না দেওয়ায় আগের দুই বছরের মতো এবারও মানুষ বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। জনমত সমীক্ষায় ৮১ শতাংশ উত্তরদাতা প্রধান বিরোধী দলের সংসদে অনুপস্থিত থাকার বিষয়টি পছন্দ করেননি।তবে জনমতের এই হার গত দুই বছরে ক্রমান্বয়ে কমেছে। ২০০৯ ও ২০১০ সালে এই হার ছিল যথাক্রমে ৮৮ ও ৮৩ শতাংশ। বিরোধী দলের সংসদে যোগ না দেওয়ার পক্ষে এবার সমর্থন জানিয়েছেন মাত্র ১৫ শতাংশ উত্তরদাতা। প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড পরিচালিত জনমত সমীক্ষায় উত্তরদাতারা এ মতামত জানিয়েছেন।২০১০ সালের মতো এবারের জরিপেও ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন, সংসদের বাইরেও প্রধান বিরোধী দল কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ২০০৯ সালে এই হার ছিল ৫০ শতাংশ। মাত্র ১৮ শতাংশ উত্তরদাতা মনে করেছেন, সংসদের বাইরে বিরোধী দল কার্যকর ভূমিকা রেখেছে। আগের দুই বছরের তুলনায় এ সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০০৯ ও ২০১০ সালে এই হার প্রায় কাছাকাছি ছিল, যথাক্রমে ৩১ ও ৩০ শতাংশ।গত তিন বছরের জরিপে বিভিন্ন জাতীয় বিষয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা সম্পর্কে মানুষের ইতিবাচক মনোভাবে ক্রমাগত ধস নেমেছে। ২০০৯, ২০১০ ও ২০১১ সালে এই হার যথাক্রমে ৩০, ২৪ ও ২২ শতাংশ। অবশ্য জাতীয় বিষয়গুলোয় বিরোধী দলের ভূমিকায় অসন্তোষ প্রকাশের মাত্রাও গত তিন বছরে ক্রমান্বয়ে কমেছে। ২০০৯ ও ২০১০ সালে অসন্তোষ জানিয়েছিলেন ৪৪ ও ৩৯ শতাংশ উত্তরদাতা। ২০১১ সালে এই মত আরও কমে ৩৭ শতাংশ হয়েছে। ৩০ শতাংশ উত্তরদাতা এবার বলেছেন, তাদের ভূমিকা ইতিবাচক বা নেতিবাচক কোনোটাই নয়।