বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দিবা স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আবার শুরু হয়েছে। বিরোধী দল আজও সংসদে যোগ দেয়নি।অধিবেশনের শুরুতেই স্পিকার বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দিবা স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। এ ধরনের চিন্তা বাদ দিয়ে সংসদে এসে বিরোধী দলের উচিত জনগণের কথা বলা।প্রধান বিরোধী দল বিএনপি সংসদে না এলেও প্রতিদিনই তারা সংসদে প্রশ্ন ও নোটিশ জমা দিচ্ছে। আজ অধিবেশনের প্রথম প্রশ্নটি ছিল বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরীর। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় প্রশ্নটি সংসদে উপস্থাপিত হয়নি। প্রশ্নটি খাদ্যমন্ত্রীকে করা হয়েছিল।পরবর্তী প্রশ্নটি ছিল আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদারের। এর জবাব দিতে গিয়ে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘আজকের প্রথম প্রশ্নকর্তা বিএনপির সাংসদ সংসদে প্রশ্ন করে বাইরে গিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলছেন। তিনি এলে তাঁদের প্রশ্নের জবাব দিতে পারলে ভালো লাগত।’এ সময় স্পিকার খাদ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার ছয় মিনিট সময় বেঁচে গেল।’ আবদুর রাজ্জাক বলেন, ‘মাননীয় স্পিকার বিরোধী দল মধ্যবর্তী নির্বাচনের আন্দোলনের দিবা স্বপ্নে বিভোর।’খাদ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে স্পিকার বলেন, ‘তাদের দিবা স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।’এ পর্যায়ে আবদুর রাজ্জাক বলেন, ‘তারা (বিরোধী দল) মনে করছে, মধ্যবর্তী নির্বাচন পুতুল খেলা।’ এরপর প্রশ্নোত্তর পর্বে ফিরে যান তিনি।