বিরোধী দলের সঙ্গে সমঝোতায় আসতে সরকারকে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সংকট সমাধানে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।গতকাল শনিবার সংসদের মিডিয়া সেন্টারে বিএনপির সংসদীয় দলের সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ১৬ জুলাই শেষ হওয়া বাজেট অধিবেশনের ওপর বিরোধী দলের পর্যালোচনা ও মূল্যায়ন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বিএনপির দাবি উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে গণতন্ত্র বিপন্ন হতে পারে বলেও ক্ষমতাসীন ব্যক্তিদের সতর্ক করেন মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আমরা সরকারকে বলছি, বিএনপি বা ১৮-দলীয় জোট বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না।’সাবেক আইনমন্ত্রী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যেকোনো অপকৌশল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। এতে গণতন্ত্র ব্যাহত হবে, আর এর দায় সরকারকেই নিতে হবে। তিনি বলেন, সরকার যদি সমঝোতার পথ ছেড়ে সংঘাতের পথ বেছে নেয়, তাহলে বিএনপি ও তার জোট কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য সরকারকে বাধ্য করবে। সে পথে যেতে হলে বর্তমান সরকারের পরিণতি হবে আরও করুণ।মওদুদ বলেন, গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে সরকার-সমর্থিত প্রার্থীদের শোচনীয় পরাজয়ের পর সরকারের সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি সমঝোতা আর অপরটি হলো সংঘাত। তিনি বলেন, এ ধরনের সংঘাত এড়ানোর জন্য বিএনপি আশা করে এই সংসদ ভেঙে দেওয়ার আগেই সরকার একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবে। বিএনপি সে ব্যাপারে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবে।বাজেট অধিবেশনের ওপর পর্যালোচনা ও মূল্যায়ন তুলে ধরতে গিয়ে মওদুদ আহমদ বলেন, অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও এবার বাজেট অধিবেশনে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছে। সরকারি দল ও স্পিকারের কাছ থেকে বিরোধী দল যথাযথ সহযোগিতা পেলে সংসদ অধিবেশন আরও বেশি সফল হতো।মওদুদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাজেট অধিবেশনে রাষ্ট্রনায়কোচিত বক্তব্য দিয়েছিলেন। তিনি সমঝোতার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাঁর বক্তব্যের পর সরকারি দলের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। মওদুদ দাবি করেন, ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছিলেন, তা ছিল অনেক নিম্নমানের ও নেতিবাচক।নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ‘ডাহা মিথ্যা’ কথা বলেছেন বলেও অভিযোগ করেন মওদুদ।সংবাদ সম্মেলনে বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দীন চৌধুরী, সাংসদ জমির উদ্দীন সরকার, জাফরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ শুনতে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন ২২২১