বিরোধী নেতাদের জেলে রেখে নির্বাচন করলে ভুল করবেন
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘বিরোধী দলের নেতাদের কারাগারে রেখে নির্বাচন করার চেষ্টা করলে ভুল হবে। এই নির্বাচন কেউ মেনে নেবে না।আজ শুক্রবার মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে পল্লবী থানা বিকল্পধারার রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বি. চৌধুরী এ কথা বলেন। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, নিজেদের অতীত স্মরণ করে গণতন্ত্রকে শেষবারের মতো রক্ষা করার সুযোগ দিন। তা না হলে বিপর্যয়ের জন্য দায়ী থাকবেন। তিনি বলেন, গাড়ি পোড়ানোর মামলায় যাঁদের জেলে রাখা হয়েছে, তাঁদের অনেকেরই বয়স ৭০-এর বেশি। এঁরা গাড়ি পোড়াবেন, তা কেউ বিশ্বাস করবে না। পল্লবী থানা বিকল্পধারার সভাপতি আহম্মদ হোসেন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।