বিরোধীদলকে ভয় দিতে সরকার অপকৌশলের আশ্রয় নিয়েছে: খালেদা
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘বিরোধী দলকে ভয় দিতে সরকার অপকৌশলের আশ্রয় নিয়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো অতীত থেকে শিক্ষা নেয়নি। জনগণকে তারা অবজ্ঞা করেছে। এ কারণে তাদের পরিণতি হয়েছে ভয়াবহ।’গতকাল ঢাকায় বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে আজ শুক্রবার এক বিবৃতিতে বেগম জিয়া এসব কথা বলেন। তিনি এ ঘটনার নিন্দা জানান এবং গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা-কর্মীদের মুক্তি ও আহত ব্যক্তিদের সুচিকিত্সার ব্যবস্থা করার দাবি জানান।বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা করে শতাধিক নেতা-কর্মীকে পিটিয়ে আহত করে এবং ১৩ জনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, ‘পুলিশের এ নির্যাতন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ক্ষমতাকে স্থায়ী ও পাকাপোক্ত করতে এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকারের নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে।’খালেদা জিয়া বলেন, ‘জিয়াউর রহমানের নাম বিভিন্ন স্থাপনা থেকে মুছে ফেলে সরকার জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চায়। পাশাপাশি জনগণের অধিকার হরণের মিশন বাস্তবায়নে নানা পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে। সরকারের এই আধিপত্য বিস্তারের মানসিকতা থেকে সারা দেশে পুলিশ ও পোষ্য বাহিনী দিয়ে বিএনপির কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, দেশে লাগামহীন ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার।