বিরোধীদলীয় নেতা কৌশল করছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলীয় নেতা নানা কলাকৌশল করছেন, মানুষ খুন করছেন। তাঁরা ক্ষমতায় থাকার সময় দুর্নীতি, মানিলন্ডারিং ও টাকা পাচার করেছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আজ শনিবার পাবনার বেড়া কলেজ মাঠে বেড়া ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের নেত্রী একজন প্রধানমন্ত্রী হয়েও দুর্নীতি করে টাকা বানিয়ে কালোটাকা সাদা করেছেন।’ শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ জঙ্গির দেশ ছিল, সন্ত্রাসের দেশ ছিল। তাঁর দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সন্ত্রাস-জঙ্গিবাদ বন্ধ হয়েছে, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ও উন্নয়ন এসেছে। কাজেই শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। ।শেখ হাসিনা বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার করার ওয়াদা করেছিলাম। সেই ওয়াদা রক্ষা করেছি। আমাদের লক্ষ্য দেশকে কলঙ্কমুক্ত করা। কিন্তু জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’ তিনি বলেন, জামায়াত গণহত্যা চালিয়েছে, মা-বোনের ইজ্জত লুট করেছে। তিনি বলেন, ‘পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর ছিল তারা। তারা শুধু মানুষ খুনই করতে জানে। এখন আপনারা দেখছেন তারা গাড়িতে পেট্রল ঢেলে, রগ কেটে, হাতুড়ি দিয়ে পিটিয়ে কীভাবে মানুষ খুন করছে। কাজেই এদের অত্যাচার, নির্যাতনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।’ বক্তব্যের শুরুতে শেখ হাসিনা গত সংসদ নির্বাচনে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে হারিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করায় বেড়া-সাঁথিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বক্তব্যে তিনি গত চার বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সভায় বক্তব্যের আগে প্রধানমন্ত্রী ‘বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুেকন্দ্র’ ও নবগঠিত বেড়া পৌর ভবনের উদ্বোধন করেন। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ চয়ন ইসলাম, সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীর ওপর নির্মিত সোনাতলা সেতুর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।