বিরোধীদলীয় নেত্রী হুকুমের আসামি: প্রধানমন্ত্রী (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বায়তুল মোকাররম এলাকায় যেভাবে কোরআন শরিফ পোড়ানো হয়েছে, পৃথিবীর কোথাও এভাবে কোরআন শরিফ পোড়ানো হয়নি। ফুটেজ দেখে, প্রত্যেকের চেহারা দেখে সব কটাকে ধরা হবে। একটাকেও ছাড়া হবে না। কোরআন পোড়াবেন আবার আসামি হবেন না, তা হবে না।’ তিনি বলেন, ‘এ ঘটনার হুকুমের আসামি তো বিএনপির নেত্রীও। আমি তাঁকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানাচ্ছি। আর তার জন্যই যে এই নৈরাজ্য হয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’ আজ বৃহস্পতিবার গণভবনে ফেনী জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আলটিমেটাম দিয়ে কিছু হবে না। এ পথ ছাড়ুন। হরতাল দিয়ে কিছু করতে পারবেন না। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত না করে গণতন্ত্রের পথে আসুন। মানুষ খুন করবেন, আমাদের উত্খাতের চেষ্টা করবেন, কোরআন পোড়াবেন, আমরা বসে বসে দেখব, সেটা হবে না।’প্রধানমন্ত্রী বলেন, ‘চৌকি নিয়ে বসে গরিব হকাররা কোরআন শরিফ, তসবিহ বিক্রি করে। এসব পুড়িয়ে ফেলা হয়েছে। বিশ্বের ইতিহাসে এত কোরআন শরিফ কোথাও পুড়েছে কি না, আমার জানা নেই। কোরআন শরিফ পুড়িয়ে তারা কোন ইসলাম হেফাজত করল? এটা বিএনপি-জামায়াত করেছে। কোরআন শরিফ পুড়িয়ে, মানুষ হত্যা করে এখন অপপ্রচার চালাচ্ছে। টেলিভিশন ফুটেজে দেখে সব কয়টাকে ধরব। কাউকে ছাড়ব না। আমরা ধর্মে বিশ্বাস করি। ধর্ম নিয়ে রাজনীতি করি না।’রাজনৈতিক ফায়দা লোটার জন্য মাদ্রাসার ১২-১৩ বছরের কচি কচি বাচ্চাদের নিয়ে এসে ঢাল হিসেবে ব্যবহার করার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের সভানেত্রী।