বিরোধীদলীয় চিফ হুইপ আহত হওয়ায় প্রধানমন্ত্রী দুঃখিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘হরতাল চলাকালে বিরোধীদলীয় চিফ হুইপ আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত। বিরোধী দলের সদস্য এভাবে আহত হবেন, এটা কেউ আশা করেনি। তাঁর চিকিৎসার ব্যাপারে আমি নিজেই খোঁজখবর নিচ্ছি।’গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘বিরোধীদলীয় চিফ হুইপের বিষয়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে। এ ঘটনায় সত্যিই আমি দুঃখিত। একজন সংসদ সদস্য নিজেই ঢিল ছুড়ে গাড়ি ভাঙচুর করবেন, পুলিশকে মারধর করবেন, এটা কেউ আশা করে না। তার পরও যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। তবে সংসদ সদস্যদের কাছ থেকে সুন্দর ও ভদ্র আচরণ আশা করে জনগণ।’জাতীয় সংসদের এই অধিবেশনকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অসাংবিধানিক পথে আর ক্ষমতা দখল নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণকে আবারও সকল ক্ষমতার মালিক করে দিলাম। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের অভিশাপ থেকে আমরা জনগণকে চিরতরে মুক্তি দিতে পারলাম।’সংবিধান থেকে সৃষ্টিকর্তার নাম মুছে ফেলা হয়েছে বলে কিছু ধর্মভিত্তিক দল যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অনুভূতিকে ধারণ করে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়েছে। কিন্তু কিছু দল আল্লাহ্র নাম তুলে দেওয়া হয়েছে জিকির তুলে হরতাল ডেকেছে। তিনি প্রশ্ন করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিমের মাঝে আল্লাহকে খুঁজে না পেলে হরতালের মাঝে খুঁজে পাবেন? ওনারা ওনাদের হূদয়ে আল্লাহেক খুঁজে না পেলে হরতাল দিয়ে কী হবে?সংবিধানে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যে নেতার নেতৃত্বে একটি দেশ পেয়েছি, তাঁর ছবি থাকবে, সেটাই আমরা নিশ্চিত করেছি।’বিগত সরকারের সময়ে সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর ছবি টানানো বাধ্যবাধকতার বিষয়টি বাতিল করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ছবি টানানোর বিষয়টি তো নির্বাহী আদেশেই করা যায়। প্রধানমন্ত্রী হয়ে আমি চাই না, আমার ছবি থাকুক।’৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর ইতিহাস বিকৃতির যে ধারা সূচিত হয়েছিল, তা চিরতরে বন্ধ হয়ে যাবে।সংবিধান সংশোধনের পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একদিকে সুপ্রিম কোর্টের রায়, অন্যদিকে নির্বাচিত প্রতিনিধিদের ওপর অর্পিত দায়িত্ব। তা সমন্বয় করেই সংবিধান সংশোধন করা হয়েছে। হরতালের সমালোচনা করে তিনি বলেন, হরতাল করে মানুষকে ব্যবসা করতে দিচ্ছেন না। আবার নিজেদের প্রতিষ্ঠান খোলা রাখছেন। মানুষের সঙ্গে আর কত প্রতারণা করবেন?বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, সংসদে আসুন। নতুন কোনো ফর্মুলা থাকলে দিন। সংসদের এ পর্যন্ত ২৩৭ কার্যদিবসের মধ্যে বিরোধীদলীয় নেতা মাত্র ছয় দিন উপস্থিত ছিলেন, এটি দুর্ভাগ্যজনক।বিরোধীদলীয় নেতার উদ্দেশে সংসদ নেতা বলেন, ‘আপনার দুই ছেলেকে উত্তম-মধ্যম দিল। বড় ছেলেকে মুচলেকা দিয়ে দেশের বাইরে বের করে দেওয়া হলো। সে যেন আর রাজনীতি না করে। আপনি কীভাবে ভুলে গেলেন!’২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো আসামি ধরা হয়নি। কোনো আলামত নষ্ট করে ফেলতে চেয়েছিল। জজ মিয়ার নাটক সাজাতে চেয়েছিল। এখন তদন্ত প্রতিবেদন থেকে এই অপপ্রচারের রহস্য বেরিয়ে এসেছে।