বিএনপির নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিনকে আগামী ১৬ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমান। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অসত্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে আজ সোমবার দায়ের করা একটি মামলায় মহানগর হাকিম এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, যুবলীগের কেন্দ্রীয় সদস্য সাইফউদ্দীন আহম্মদ আজ এ মামলাটি করেন।মামলার আরজিতে বলা হয়, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ১২ মার্চ প্রধানমন্ত্রীর ছেলে জয় সম্পর্কে অসত্য ও মানহানিকর বক্তব্য দেন।বাদীর কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আদালত ২০০ ধারায় বাদীর কাছ থেকে জবানবন্দি নেন। আর আসামি জয়নাল আবদিনের বিরুদ্ধে ৫০০/৫০১ ধারায় অপরাধ আমলে নিয়ে আদালত সমন জারি করেন। একই সঙ্গে আগামী ১৬ মে আসামিকে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়।