বিরোধীদলীয় চিফ হুইপের সেনবাগের বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নোয়াখালীর সেনবাগের গ্রামের বাড়িতে গতকাল সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক ও তাঁর বড় ভাইয়ের বাড়ি থেকে নগদ টাকা, ল্যাপটপ ও স্বর্ণালংকার খোয়া গেছে। দুজনের বাড়িতেই তালা দেওয়া ছিল। এ ব্যাপারে জয়নাল আবদিন ফারুক আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের দুই বছরে এ নিয়ে আমাদের বাড়িতে ডাকাতি ও চুরির দুটি ঘটনা ঘটল। এসব ঘটনাই প্রমাণ করে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে।’ফারুকের ব্যক্তিগত সহকারী সাইফুল আনোয়ার প্রথম আলোকে বলেনে, ঘটনার সময় বিরোধীদলীয় চিফ হুইপ বাড়িতে ছিলেন না। ফারুক ও তাঁর বড় ভাইয়ের বসতঘরে তালা দেওয়া ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা দুটি ঘরের দরজার তালা ভেঙে ওই ঘটনা ঘটায়। ভোরে ফারুকের চাচাদের ঘরের লোকজনের ঘুম ভাঙলে চুরির ঘটনাটি ধরা পড়ে। তাঁর দাবি, সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র তছনছ করে চিফ হুইপের ব্যবহূত ল্যাপটপ, দুটি টেলিভিশন, দুটি ডিশ অ্যান্টেনার রিসিভার, নগদ ৬৫ হাজার টাকা, ছয়-সাত ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল ও মূল্যবান মালামাল নিয়ে যায়।সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়েই তিনি ঘটনাস্থলে গিয়েছেন। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আলী হোসেনও সেখানে যান। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।