বিরোধীদলীয় নেতা এলে জাতি উপকৃত হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার চিঠির ভাষাকে ‘সংসদীয় শিষ্টাচার-বহির্ভূত’ বলে আখ্যা দিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। তারা বলেছে, বিরোধীদলীয় নেতা কমিটির সভায় এসে মতামত দিলে জাতি উপকৃত হতো, কমিটিও ধন্য হতো। তবে বিশেষ কমিটির এ সভাতে বিএনপি না আসার বিষয়টি সংবিধান সংশোধনে জাতীয় ঐকমত্য গঠনে প্রভাব ফেলবে না।আজ সোমবার সকালে কমিটির চেয়ারপারসন বরাবর খালেদা জিয়ার পাঠানো চিঠি নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। বৈঠকের প্রথম পর্ব শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।ব্রিফিংয়ে কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ ও ফজলে রাব্বী মিয়া বক্তব্য দেন।ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে কাল মঙ্গলবারের পূর্বনির্ধারিত মতবিনিময় সভাটি স্থগিত করা হয়েছে। এটি বুধবার অনুষ্ঠিত হবে।সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিরোধীদলীয় নেতার চিঠির ভাষা অসৌজন্যমূলক, সংসদীয় শিষ্টাচার-বহির্ভূত এবং অগণতান্ত্রিক।’এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেন বলেন, ‘বিশেষ কমিটির আমন্ত্রণে বিএনপির এই না আসা সংবিধান সংশোধন নিয়ে জাতীয় ঐক্য গঠনে কোনো প্রভাব ফেলবে না। তা ছাড়া এ নিয়ে তাদের (বিএনপির) সংসদেও কথা বলার সুযোগ থাকবে।’খালেদা জিয়ার চিঠির ভাষা ‘সংসদীয় শিষ্টাচার-বহির্ভূত’ আখ্যা দেওয়ার কারণ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘তিনি (খালেদা জিয়া) চিঠিতে বলেছেন, তাদের আমন্ত্রণ জানানো দুরভিসন্ধিমূলক। এমন মন্তব্য দেশবাসীকেও ব্যথিত করবে।’এর আগে খালেদা জিয়ার চিঠিতে উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাব দেন সুরঞ্জিত সেনগুপ্ত।