প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রী সংসদে যান না। কিন্তু বাজেট নিয়ে কিছু বলতে হলে তাঁকে সংসদে বলতে হবে। তাঁর বিকল্প প্রস্তাব থাকলে তা সংসদে দেবেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রীর প্রস্তাব জনগণের কল্যাণে হলে তা গ্রহণ করা হবে। কিন্তু ‘স্টান্টবাজি’ করলে তার জবাব জনগণ দেবে।গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, এদের কর্মসূচিতে জনগণের স্বার্থ ও কল্যাণের কিছু নেই। দুর্নীতিবাজ, জঙ্গিবাদ আর যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই তাদের আন্দোলন। দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদের পাহাড় রক্ষার জন্যই বিরোধীদলীয় নেত্রী আন্দোলন করছেন।বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘সরকারের কাজ তাঁর পছন্দ হচ্ছে না। উনি বলছেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাবে না। তিনি হুমকি দিচ্ছেন।’ শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতায় থাকতে উনি পারেননি। এখন আমরা পারব, তাই বাধা দিচ্ছেন। রাস্তাঘাট বানাতে দেবেন না, হুমকি দেন। সরকারি কর্মকর্তাদের ধমক দেন, ফাইলে সই না করতে বলেন। জনগণের কাজে বাধা দেওয়াই তাঁর চরিত্র।’ সরকারের নানামুখী কাজের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলবে।’ তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশে স্বর্ণযুগ ছিল। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ২১ হাজার মানুষ হত্যা করা হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে।সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ছয় দফা ছিল স্বাধীনতার সূচনা। আমির হোসেন আমু শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাজেট সম্পর্কে বিরোধী দলকে কথা বলতে হলে সংসদে বলতে হবে, রাজপথে নয়। শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। এখন যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা একজন নারীকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেখিয়ে দিয়েছেন, কীভাবে নারীদের দিয়ে জঙ্গিবাদ দমন করতে হয়। পুরুষদের দরকার নেই।নূহ-উল আলম লেনিনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন মতিয়া চৌধুরী, লতিফ সিদ্দিকী, রাজিউদ্দিন আহমদ রাজু, মন্নুজান সুফিয়ান, হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।এর আগে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যরা।