বিরোধীদের নীলনকশা প্রতিহত করা হবে: মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচির কথা উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ৫ মের মতো বিরোধীদের সব নীলনকশা প্রতিহত করা হবে। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়, তারা পাকিস্তানের প্রেতাত্মা, তারা কাপুরুষ।যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র ও সারা দেশে হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এক মতবিনিময় সভায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর ১৪ দল। কর্মসূচি ঘোষণার পর মায়া এসব কথা বলেন। ১৪ দলের কর্মসূচির মধ্যে রয়েছে: ১৮ মে শনিবার বেলা তিনটায় মোহাম্মদপুর টাউন হল ময়দানে সমাবেশ, ২৪ মে শুক্রবার বেলা সাড়ে তিনটায় কামরাঙ্গীরচরে ও ২৫ মে শনিবার সূত্রাপুরের ধোলাইখাল এলাকায় সমাবেশ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মাঈনুদ্দীন খান বাদল বলেন, বিরোধীদলীয় নেতার সামান্যতম বোধ থাকলে তিনি এই দুর্যোগের মধ্যে হরতাল দিতেন না। তিনি বলেন, সারা দেশের মানুষ যখন মহাসেন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, এর মধ্যে খালেদা জিয়া রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হরতাল দিয়েছেন। ১৪ দলের নেতা-কর্মীদের উদ্দেশে বাদল বলেন, ‘বিরোধীদের ষড়যন্ত্র আরও জোরদার হবে। তাই আমাদের এখন চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে।’ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাসদের ঢাকা মহানগরের আহ্বায়ক মীর আখতার। তিনি মতিঝিলে তিন হাজার মানুষ হত্যার অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, বিএনপির নেতা সাদেক হোসেন খোকা যে অভিযোগ তুলেছেন, তার প্রমাণ তাঁকে দিতে হবে। সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার।