বিরোধীদের প্রতিরোধে ফাইনাল খেলায় নামতে হবে : আমু
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘আমাদের দেশের মানুষ ধর্মপরায়ণ। আর এ ধর্মকে নিয়েই ধর্মান্ধ গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।’ তিনি বলেন, ‘বিরোধীরা যেমন তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নে ফাইনাল খেলায় নেমেছে, তেমনি তাদের প্রতিরোধে আমাদেরও ফাইনালে নামতে হবে।’২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠেয় নারী সংগঠনগুলোর সমাবেশকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে ১৪ দলের সঙ্গে নারী নেত্রীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে আমু এসব কথা বলেন। সভায় আসা নারী নেত্রীদের উদ্দেশে আমু বলেন, শুধু অগ্রসরমাণদের নিয়ে নয়, ঢাকা শহরের প্রতিটি বাড়ি থেকে একজন নারীকে সমাবেশে হাজির করতে হবে। তাহলেই সেটা বিশাল সমাবেশে পরিণত হবে। তিনি বলেন, ‘উগ্রবাদীদের গ্রামগঞ্জে নারী সংগঠন রয়েছে। তাদের হাত থেকে নারীদের রক্ষায় আমাদের সচেতন হতে হবে।’মতবিনিময় সভায় ২৭ এপ্রিল নারী সংগঠনগুলোর আয়োজিত সম্মেলনে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ১৪ দলের পক্ষ থেকে। ওই সম্মেলনে দেশের নারীসমাজ হেফাজতে ইসলামের ১৩ দফা ও নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানাবে। সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ হেফাজতের ১৩ দফা প্রসঙ্গে বলেন, স্বাধীন বাংলাদেশে এই ১৩ দফা হেফাজত কীভাবে দেয়? হেফাজত ও জামায়াত দেশে কী চায়? তিনি ১৮ দলীয় জোটের নয়টি দলের হেফাজতের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিএনপিকে দায়ী করেন। তোফায়েল বলেন, এ সরকারের পতন হলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে। তাই কোনোমতেই বিরোধী দলকে ক্ষমতায় আনা যাবে না। তিনি ২৭ এপ্রিল নারী সংগঠনগুলোর সমাবেশ সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এখন পর্যন্ত নারী উন্নয়ন যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা, নারী সংগঠনগুলো সেটি পারেনি। তিনি বলেন, ব্লাসফেমি আইনে ধর্মরক্ষার কথা বলা হলেও এতে ক্ষতি হয় নারীর। এর উদাহরণ পাকিস্তান। তিনি বলেন, হেফাজতের ১৩ দফা ইসলামের নামে নারী অধিকারকে ক্ষুণ্ন করেছে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জাসদের নেত্রী শিরীন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের ওবায়দুল ইসলাম, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের, নারী নেত্রী খুশী কবির, আইনজীবী তানিয়া আমীর প্রমুখ।