বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার নির্দেশ তৃণমূল কংগ্রেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় বিরোধীদলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল রোববার দলের পক্ষ থেকে এ বিষয়ে ফতোয়া জারি করেছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার রামপুরহাটের রেলওয়ে ইনস্টিটিউট হলে আয়োজিত দলীয় সমাবেশে এই ঘোষণা দেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, ‘কংগ্রেস আমাদের শত্রু। সিপিএমও আমাদের শত্রু। এদের কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেবেন না।’সভায় আরও বক্তব্য দেন মন্ত্রী নুরে আলম চৌধুরী, সাংসদ ও চিত্রতারকা শতাব্দী রায়, বিধায়ক আশিষ ব্যানার্জি প্রমুখ।এদিকে তৃণমূল জেলা সভাপতির এই ফতোয়া জারির পর রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বামদল এবং কংগ্রেস এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।সিপিএমের সাংসদ রামচন্দ্র ডোম বলেছেন, ‘তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। তারা ভয় পেয়েছে। তাই আক্রমণের পথ বেছে নিয়েছে। মানুষ এর জবাব দেবে।’বীরভূম কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ বলেছেন, ‘তৃণমূলের জেলা সভাপতি এত বড় মাস্তান হয়ে ওঠেনি যে তিনি মনোনয়ন জমাদান ঠেকাবেন। কংগ্রেস যথাসময়েই মনোনয়নপত্র জমা দেবে।’আগামী ২ জুলাই শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। তিনটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ২, ৬ ও ৯ জুলাই।এদিকে ওই ফতোয়ার জের ধরে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই বীরভূম জেলার বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা কংগ্রেস ও বামদলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছেন বলে জানা গেছে। আজ বীরভূম ছাড়াও নদীয়া, মুর্শিদাবাদ ও মালদহে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্ট এক অন্তর্বর্তী আদেশ দিয়েছেন। এ আদেশে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।