বিরোধীদের মোকাবিলায় মহাজোটকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটকে আরও সক্রিয়, শক্তিশালী ও সুসংহত করার তাগিদ দিয়েছেন শরিক দলের নেতারা। বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় মহাজোটকে আরও ঐক্যবদ্ধ হতে হবে বলেও মনে করেন তাঁরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহাজোট ও সংসদীয় দলের নেতাদের যৌথ সভায় নেতারা এসব কথা বলেন। সভা সূত্র জানায়, সভায় কিছু সাংসদ এবং ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতার চাঁদাবাজি ও টেন্ডারবাজির সমালোচনা করা হয়। তবে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ক্ষমতায় আসার ১৭ মাস পর আওয়ামী লীগের সব কেন্দ্রীয় নেতা, উপদেষ্টা পরিষদ, সাংসদ এবং মহাজোটের শীর্ষ নেতাদের পদচারণে গতকাল মুখর ছিল গণভবন চত্বর। মহাজোটের শীর্ষ নেতাদের নিয়ে ব্যতিক্রমী এই যৌথ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভার শুরুতেই শেখ হাসিনা জনগণের প্রত্যাশা পূরণ ও দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে মহাজোটের শরিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘১৪ দল, মহাজোট ও আমরা সবাই মিলে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের জন্য একসঙ্গে লড়াই করেছি। এখন আমরা ক্ষমতায়। দেশ গড়ার সংগ্রামেও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’শেখ হাসিনা গত ১৭ মাসে তাঁর সরকারের নেওয়া নানা উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সঠিক পথে আনার চেষ্টা করছি। জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে হবে। নির্বাচনের আগে যে ওয়াদা করেছি, তা পূরণের লক্ষ্যে কাজ করছি।’ শেখ হাসিনা বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের মানুষ চরম আতঙ্কের মধ্যে ছিল। দেশের ভাবমূর্তি বলে কিছু ছিল না। এ রকম পরিস্থিতিতে আমরা ক্ষমতায় এসেছি।’ প্রধানমন্ত্রী নতুন শিক্ষানীতির কথা উল্লেখ করে বলেন, শিক্ষাক্ষেত্রে মৌলিক পরিবর্তনের লক্ষ্যেই এ শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। তিনি তাঁর নতুন চিন্তার কথা তুলে ধরে বলেন, ‘আমরা কেন্দ্রীয় ট্রাস্ট তহবিল গঠন করতে চাই। এই তহবিল থেকে স্কুল-কলেজের দরিদ্র ছেলেমেয়েদের ডিগ্রি পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।’সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা মহাজোট সব সময় ঐক্যবদ্ধ থাকব এবং একসঙ্গে কাজ করব।’ সভায় সৈয়দা সাজেদা চৌধুরীকে ১৪ দলের সমন্বয়ক করা হয়েছে। তিনি নিয়মিতভাবেই ১৪ দল ও মহাজোটের বৈঠক ডাকবেন।যৌথ সভার পর রুদ্ধদ্বার বৈঠকে মহাজোটের নেতারা খোলামেলা বক্তব্য দেন। সভা সূত্র জানায়, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, বিরোধী দল মহাজোটকে নানা কৌশলে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলায় মহাজোটকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, মহাজোটের সাংসদ ও নেতা-কর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভ-বিক্ষোভ আছে। এটা সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে। আওয়ামী লীগের সাংসদ তারানা হালিম বলেন, ‘সাংসদদের অনেকেই টেন্ডারবাজির সঙ্গে জড়িত। আমাদের একবার নয়, আরও ক্ষমতায় আসতে হবে।’ তাঁর এ বক্তব্যে সাংসদদের মধ্যে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়। সাংসদ আশরাফ আলী খান খসরু পেছন থেকে তারানা হালিমের উদ্দেশে দাঁড়িয়ে বলেন, ‘আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না, আপনি বুঝলেন কীভাবে?’ সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুস সালাম স্থায়ী কমিটির সভাপতিদের নিয়ে বৈঠকে বসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। কমিউনিস্ট কেন্দ্রের অসিতবরণ বিশ্বাস ছাত্রলীগ ও যুবলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজির সমালোচনা করেন। গণতন্ত্রী পার্টির আফজাল হোসেন যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ১৪ দলের নেতা রাশেদ খান মেনন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, হাজি আবদুস সামাদ, ওয়াজেদুল ইসলাম, শরীফ নূরুল আম্বিয়া, জাকির হোসেন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, আওয়ামী লীগের সব জ্যেষ্ঠ নেতাও সভায় উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে থাকায় এবং অসুস্থতার জন্য রওশন এরশাদ বৈঠকে যোগ দিতে পারেননি।