বিরোধে নতুন মাত্রা রাজিয়া ফয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক অবস্থা নড়বড়ে। কেন্দ্রীয় কর্মসূচিগুলোও ঠিকমতো পালন করা হয় না। বিরোধে জড়িয়ে আছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। আর দলের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজ নতুন করে সাতক্ষীরার রাজনীতিতে সক্রিয় হওয়ায় বিরোধে যোগ হয়েছে নতুন মাত্রা।দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে বহুবার। প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হতে হয়েছে জেলা আহ্বায়ককে। এমনকি তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও করে প্রতিপক্ষ। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুন জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়। সাবেক সাংসদ হাবিবুল ইসলামকে আহ্বায়ক ও সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়কদের মধ্যে আছেন সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন ও কামরুল ইসলাম। কিন্তু ওই বছরের ২০ জুন সাতক্ষীরা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে দলের এক অংশ বলে, আলাউদ্দিন ও কামরুল বিএনপির সঙ্গে সম্পৃক্ত নন। কমিটির আহ্বায়ক হাবিবুল ইসলাম তাঁদের দলে নিয়ে এসেছেন।একই বছরের ৯ নভেম্বর পৌর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক ইফতেখার আলী ও রাজিয়া ফয়েজের উপস্থিতিতে ক্ষুব্ধ নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন হাবিবুল ইসলাম। ১৪ নভেম্বর তালা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে আহ্বায়ক হাবিবুল ইসলাম ও তাঁর সমর্থক ১৪ জনের নামে তালা থানায় চাঁদাবাজির মামলা করা হয়।২০০৯ সালের ২৬ নভেম্বর জেলা কমিটি গঠনের ভোট হয়। ভোটে হাবিবুল ইসলাম সভাপতি ও সৈয়দ ইফতেখার আলী সাধারণ সম্পাদক ও তাসকিন আহম্মেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।গত বছরের ১৬ সেপ্টেম্বর সাতক্ষীরা কমিউনিটি সেন্টারে ইফতার পার্টির আয়োজন করা হয়। কিন্তু সেখানে দলের একাংশের নেতা-কর্মীরা অংশ নেননি। পরে ১৯ সেপ্টেম্বর সৈয়দা রাজিয়া ফয়েজের নেতৃত্বে মোহাম্মদ আলী মার্কেটে আরেকটি ইফতার পার্টির আয়োজন করা হয়। পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপির কমিটি ঝুলে ছিল দীর্ঘদিন। গত অক্টোবর মাসে কেন্দ্র থেকে এই দুই কমিটি অনুমোদন করিয়ে নিয়ে আসেন রাজিয়া ফয়েজ। কিন্তু পৌর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ সংবাদ সম্মেলন করে দলের সঙ্গে সম্পৃক্ত নন, এমন কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সমালোচনা করেন। তিনি এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। জানা যায়, রাজিয়া ফয়েজ আগামী সংসদ নির্বাচনে সদর আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বর্তমানে জেলা কমিটির ১ নম্বর সদস্য।নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, সরকারি জমি দখল করে বিএনপি শহরে একটি কার্যালয় করেছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। বর্তমানে সাতক্ষীরা শহরে দলের সভা করার মতো বসার জায়গা নেই। সভাপতি হাবিবুল ইসলাম থাকেন ঢাকায়। শুধু কেন্দ্রীয় কমিটির কর্মসূচি থাকলে সাতক্ষীরায় আসেন, বক্তব্য দিয়ে চলে যান। নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। সভাপতির কাছ থেকে সময় নিয়ে সভা ডাকলেও তিনি সভায় আসেন না। দলের এই অবস্থায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন বলেন, ‘ভাই, দল করে কী হবে। শুধু বড় বড় কথা। নেতা-কর্মীদের কোনো মূল্যায়ন নেই। সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে।’দলে কোনো বিরোধ নেই দাবি করে সাধারণ সম্পাদক ইফতেখার আলী বলেন, সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪১টিতে তাঁদের সমর্থক প্রার্থী জয়লাভ করেছে। এ ছাড়া জেলার দুটি পৌরসভায় মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন বিএনপির নেতারা। সাধারণ সম্পাদক হিসেবে তাঁর তৎপরতায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সভাপতি হাবিবুল ইসলাম বলেন, ‘বড় দলে মতপার্থক্য ও ছোটখাটো বিরোধ থাকেই। এসবের মধ্যে দিয়েই চলতে হয়। কমিটিতে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।’ রাজিয়া ফয়েজ বলেন, ‘জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও আমার মধ্যে কোনো বিরোধ নেই। আমরা সবাই মিলেই দলকে শক্তিশালী করার কাজ করছি।’