বিল ক্লিনটন হৃদরোগে আক্রান্ত
হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কলাম্বিয়া প্রেসবিটারিয়ান হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ক্লিনটনের চিকিৎসক ডগলাস ব্যান্ড জানান তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ক্লিনটনের করোনারি আর্টারিতে দুটি স্টেনট বসানো হয়েছে। ক্লিনটনের অসুস্থতার খবর পেয়ে স্ত্রী হিলারি ক্লিনটন ওয়াশিংটন থেকে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। হাসপাতালে বাবার পাশে রয়েছেন মেয়ে চেলসিয়া। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানায়, বিল ক্লিনটনের অসুস্থতার কারণে হিলারি তাঁর পূর্বনির্ধারিত কাতার ও সৌদি আরব সফর বাতিল না-ও করতে পারেন। এ সপ্তাহের শেষে হিলারির সেখানে যাওয়ার কথা রয়েছে। ক্লিনটনের বন্ধু ও চিকিৎসক ব্যান্ড বলেন, হাইতিতে ত্রাণকাজ চালিয়ে আসার পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন শীতজনিত রোগে আক্রান্ত হন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাইড ইয়ানসি বলেন, ক্লিনটনের আর্টারিতে দুটি স্টেনট বাসানোর ঘটনা একেবারে অপ্রত্যাশিত। বিল ক্লিনটন দুবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জগিং করতে এবং ফাস্টফুড খেতে খুব পছন্দ করেন। ২০০৪ সালের সেপ্টেম্বরে ক্লিনটনের একটি বাইপাস অস্ত্রোপচার হয়।