বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী কার্লোস স্লিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ ধনী এখন মেক্সিকোর টেলিকম-সম্রাট কার্লোস স্লিম হেলু। মার্কিন ধনকুবের বিল গেটসকে টপকে তিনি এবার ওই শীর্ষস্থানটি দখলে নিয়েছেন। ৭০ বছর বয়সী স্লিমের সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৩৫০ কোটি ডলার। ধনীর তালিকায় বিল গেটসের পর তৃতীয় স্থানে রয়েছেন অপর মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট। গেটস ও বাফেটের সম্পদের পরিমাণ যথাক্রমে পাঁচ হাজার ৩০০ ও চার হাজার ৭০০ কোটি ডলার। তবে শীর্ষ পাঁচের বাকি দুটি স্থানই দখলে নিয়েছেন দুজন ভারতীয়। গত বুধবার ফোর্বস সাময়িকী ২০১০ সালের শীর্ষ ধনীদের ওই তালিকাটি প্রকাশ করে।ভারতের খনিজ তেল-গ্যাস কোম্পানি ও রিলায়েন্স গ্রুপের অংশীদার মুকেশ আম্বানি হয়েছেন চতুর্থ। তাঁর সম্পদের পরিমাণ দুই হাজার ৯০০ কোটি ডলার। পঞ্চম স্থানে রয়েছেন বিশ্বের সবচেয়ে বড় লৌহশিল্পের প্রতিষ্ঠান এক্সেলমিত্তালের কর্ণধার লক্ষ্মীনিবাস মিত্তাল। ভারতীয় ওই ধনকুবেরের সম্পদের পরিমাণ দুই হাজার ৮৫০ কোটি ডলার।ফোর্বস-এর তথ্যমতে, গত বছর সারা বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর তৃতীয় বছরে এসে বিশ্বে এখন বিলিয়নিয়ারের মোট সংখ্যা হয়েছে এক হাজার ১১। গত বছর বিলিয়নিয়ার ছিলেন ৭৯৩ জন। এর আগের বছর ২০০৮ সালে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল এক হাজার ১২৫।তালিকার সেরা ১০-এ আরও রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের বৃহত্ সফটওয়্যার কোম্পানি ওরাকলের মালিক লরেন্স এলিসন (ষষ্ঠ), ফ্রান্সের সর্ববৃহত্ বিলাসদ্রব্য উত্পাদনকারী প্রতিষ্ঠান এলভিএমএইচের মালিক বারনার্ড আরনল্ট (সপ্তম), ব্রাজিলের খনিজ ব্যবসায়ী এ ই কে বাতিস্তা (অষ্টম), স্পেনের তৈরি পোশাক ব্যবসায়ী আমানসিও ওর্তেগা (নবম) ও জার্মানির বৃহত্ চেইন সুপার মার্কেটের মালিক কার্ল আলব্রেখট (দশম)।এ ছাড়া সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ বিন-তালাল আল সৌদ ১৯তম স্থান অর্জন করেছেন। তাঁর সম্পদের পরিমাণ হলো এক হাজার ৯৪০ কোটি মার্কিন ডলার।এ বছর ফোর্বস-এর তালিকায় ৯৭ জন নতুন ধনীর ৬২ জনই এশীয় এবং তাঁরা বেশির ভাগই চীনের নাগরিক। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এত বেশিসংখ্যক বিলিয়নিয়ারের উত্থান এ বছরই প্রথম।এ ব্যাপারে প্রশ্ন করা হলে কার্লোস স্লিমের মুখপাত্র আরতুরো এলিয়াস বার্তা সংস্থাকে বলেন, ওই তালিকায় উল্লিখিত কার্লোসের সম্পদের পরিমাণের ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। এ ধরনের হিসাব-নিকাশ কষে অযথা সময়ও নষ্ট করতে চান না তাঁরা। তবে কার্লোস বিশ্বের সেরা ধনী ব্যবসায়ী হওয়ার বিষয়টিকে তাঁরা সাধুবাদ জানাচ্ছেন। সূত্র: এএফপি, রয়টার্স ও বিবিসি।