বিল চাওয়ায় রেস্তোরাঁর ব্যবস্থাপককে পুলিশের মারধর, সাংবাদিক লাঞ্ছিত
খাওয়ার পর নির্ধারিত বিলের কম টাকা দেওয়ার প্রতিবাদ করায় রাজধানীর চানখারপুলের একটি রেস্তোরাঁর ব্যবস্থাপককে মারধর করেছে পুলিশ। মারধরের প্রতিবাদ করতে গেলে পুলিশ এক সাংবাদিককেও লাঞ্ছিত করে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চানখারপুলের আফতাব হোটেল নামের একটি রেস্তোরাঁয় চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) খলিলুর রহমান ও শহিদুল ইসলামসহ ছয়জন পুলিশ খেতে যান। তাঁদের খাওয়া বাবদ ৯৫০ টাকা বিল হয়। কিন্তু পুলিশ ৫০০ টাকা দিয়ে চলে যেতে চাইলে রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. মাসুম তার প্রতিবাদ জানান। তখন পুলিশ তাঁকে চড়-থাপড় দিয়ে মারধর করা শুরু করে। ঘটনার প্রতিবাদ করতে গেলে ও মুঠোফোনে ঘটনার ভিডিও করার সময় ইংরেজি দৈনিক ‘নিউ এজ’-এর নিজস্ব প্রতিবেদক মুক্তাদির রশিদকে লাঞ্ছিত করেন পুলিশের কর্মকর্তারা। জানতে চাইলে মুক্তাদির বলেন, ওই ছয় পুলিশ তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক রেস্তোরাঁর একজন কর্মী সাংবাদিকদের জানান, ওই পুলিশ কর্মকর্তারা প্রায় সময় রেস্তোরাঁয় খাওয়ার পর নির্ধারিত বিলের অনেক কম দেন। প্রতিবাদ করলে মারধর করেন। জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ওই ছয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।