বিল পাস আন্দোলনের একটি বড় বিজয় (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আজ রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সংশোধনী প্রস্তাব পাস হয়েছে। শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা মনে করছেন এটি তাঁদের আন্দোলনের একটি বড় বিজয়। তাঁরা মানবতাবিরোধী অপরাধীদের বিচারের পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান। সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদে পাস হওয়ার ফলে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে রাষ্ট্র ও আসামিপক্ষের সমান সুযোগ সৃষ্টি হলো। একই সঙ্গে আপিল নিষ্পত্তির জন্য ৬০ দিনের সময়সীমাও নির্ধারণের প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে। বিল পাস হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনী প্রস্তাব পাস হওয়ায় জাতীয় সংসদকে স্বাগত জানাই।’ তিনি বলেন, ‘আমরা মনে করি এটি আন্দোলনের একটি বড় বিজয়।’ বিল পাসের পাশাপাশি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সে জন্য আহ্বান জানান তিনি। আজ রোববার সকাল থেকেই থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঠান্ডা বাতাস। বেলা দুইটার দিকে বৃষ্টির বেগ বাড়ে, পাল্লা দিয়ে বাড়তে থাকে কনকনে ঠান্ডা। কিন্তু কিছুই দমাতে পারেনি শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের। বৃষ্টি আর তীব্র বাতাস উপেক্ষা করে প্রতিবাদের গান আর স্লোগানে মুখর প্রজন্ম চত্বর।

জামায়াতের হরতাল প্রতিহতের ঘোষণাবাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আগামীকাল সোমবারের হরতাল প্রতিহত করতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে সমাজের সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ গণজাগরণ মঞ্চ থেকে দেশের দোকানমালিকদের প্রতি দোকানপাট খোলা রাখার, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ার এবং সব অফিস খোলা রাখার আহ্বান জানানো হয়।জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলনঘড়ির কাঁটায় তখনো সকাল ১০টা বাজেনি। এরই মধ্যে শাহবাগের প্রতিবাদী মানুষগুলো সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে গেলেন। ১০টা বাজতেই উপস্থিত সবাই জাতীয় সংগীত গাইতে শুরু করেন, সঙ্গে চলে জাতীয় পতাকা উত্তোলন।রাজধানীর শাহবাগে প্রতিবাদী তারুণ্য এমন অভিনব কর্মসূচি পালনের মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে নিজেদের শান্তিপূর্ণ বলিষ্ঠ অবস্থানের কথা বিশ্বকে জানিয়ে দিল। প্রজন্ম চত্বরের পূর্বঘোষিত এই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে দেশের বিদ্যালয়-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টায় জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।রাজধানীর মহাখালীতে অবস্থিত আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানকার শিশুরা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নিয়েছে।ওই স্কুলের প্রধান শিক্ষক গুলশান আরা খানম প্রথম আলো ডটকমকে বলেন, ‘কী কারণে এ কর্মসূচি, তা শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধ বলতে কী বোঝায়, সেটিও তাদের ব্যাখ্যা করা হয়েছে।’গত শুক্রবার প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়।প্রতিবাদ ১৩তম দিনে গড়ালকাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে তারুণ্যের প্রতিবাদ আজ ১৩তম দিনে গড়াল। প্রতিবাদী স্লোগান-গানে আগুন ঝরছে তারুণ্যের কণ্ঠে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে আন্দোলন আরও উদ্দীপ্ত হয়ে উঠছে, কারও চোখে-মুখে নেই এতটুকু ক্লান্তির ছাপ। হালকা বৃষ্টি, ঠান্ডা বাতাস কিছুই দমাতে পারেনি তাঁদের।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেল থেকে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। সংহতি প্রকাশ অব্যাহততারুণ্যের এই প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে চিকিত্সকদের একটি দল। এ ছাড়া বদরুন্নেসা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের দল গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।স্লোগানে-প্রতিবাদে রাজীব আছেনগত শুক্রবার রাজধানীর পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার (৩৫) খুন হন। এ হত্যার ঘটনায় ক্ষোভ আর প্রতিবাদের ঝড় ওঠে একাত্তরের ‘রাজাকারদের’ ফাঁসির দাবিতে সোচ্চার আন্দোলনকারীদের মধ্যে। শাহবাগের প্রজন্ম চত্বর আরও তেজোদীপ্ত হয়ে উঠেছে। রাজীব হত্যার শোককে শক্তিতে পরিণত করে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা এসেছে গণজাগরণ মঞ্চ থেকে। রাজীব এই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন।গত শুক্রবার মহাসমাবেশ থেকে সাত ঘণ্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। তবে ব্লগার রাজীব হত্যা এবং জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে পরে রাত ১১টার দিকে আগের কর্মসূচি বাতিল করা হয়। এতে আন্দোলন একটানা চলবেই। শাহবাগের প্রজন্ম চত্বর জেগে থাকবে সারাক্ষণ।