বিলকিছ বেগমই একমাত্র ভরসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে তেঁতুলিয়া নদী। নদীর মাঝখানে জেগে ওঠা চরের নাম সিকদারের চর। এখানে প্রায় পাঁচ হাজার ভূমিহীন পরিবার বসবাস করে। চরে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র, নেই কোনো বিদ্যালয়। এ চরে গর্ভবতী মায়েদের একমাত্র ভরসা বিলকিছ বেগম। সন্তান প্রসবের সময় তারা হাসপাতালে না গিয়ে শরণাপন্ন হয় বিলকিছ বেগমের। চরের প্রায় ২০০ শিশুসন্তান প্রসব হয়েছে এই বিলকিছ বেগমের হাতে। বিলকিছ বেগম বলেন, ‘আমার কোনো লেখাপড়া নেই। আল্লার নামে মায়েদের প্রসববেদনা হলে পাশে দাঁড়াই। কোনো সমস্যা হয় না। আজ পর্যন্ত কোনো বাচ্চা বা মা আমার হাতে মারা যায়নি।’ তিনি আরও বলেন, ‘কাজের বিনিময়ে আমি কোনো পারিশ্রমিক নিই না। গরিব মায়েদের পাশে দাঁড়াতে পারি, এটাই আমার বড় প্রাপ্তি।’চরের সব লোকের প্রিয় মানুষ বিলকিছ বেগম। ভূমিহীন পরিবারের একজন মা আছিয়া বেগম বলেন, ‘আমার তিনটি শিশু বিলকিছ আপা ধরেছেন। কোনো অসুবিধা হয়নি।’আয়শা বেগম বলেন, ‘বিলকিছ আপাকে যদি কোনো হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের আর হাসপাতালে যেতে হতো না।’ সিকদার চরের ভূমিহীন সাধারণ সম্পাদক আ. মালেক বলেন, ‘এই চরে ভূমিহীন গর্ভবতী মায়েদের একমাত্র ভরসা বিলকিছ বেগম। ও না থাকলে গর্ভবতী মায়েদের মরণ দশা হতো।’