বিলকুড়ালিয়ার অভাবীদের উঠোনে নবান্ন উৎসব
পাবনার চাটমোহর উপজেলার বহুল আলোচিত বিলকুড়ালিয়া বিল পাড়ের ১৫টি গ্রামের ভূমিহীনদের অভাবী উঠোনে এখন চলছে নবান্নের উৎসব। এই বিলের দখল করা খাস জমিতে প্রতি বছরের মতো এবারও ভূমিহীনদের বোনা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আর সেই কষ্টে বোনা ধান ভূমিহীন নারী-পুরুষেরা উৎসব আমেজে কাটা শুরু করেছেন ১৯ নভেম্বর থেকে। ওই দিন সকাল থেকেই বিলের চারপাড়ের শতশত ভূমিহীন নারী-পুরুষ একযোগে লাল নিশান লাঠিতে লাগিয়ে সারিবদ্ধভাবে বিলে আসতে থাকেন। পরে তারা বিলের জমিতে লাল নিশান উড়িয়ে ধান কাটার প্রস্তুতি নেয়। এসময় বিলে ভূমিহীনরা আনন্দ-উৎসবে মেতে উঠে। বিভিন্ন স্লোগানে বিলপাড় মুখরিত হয়ে ওঠে। সকাল ১০টার দিকে আমন্ত্রিত অতিথিরা বিলে নেমে ভূমিহীনদের সঙ্গে ধান কেটে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন। ধান কাটা উৎসবের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাহারুল হক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রদ্যুৎ কুমার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল জলিল, থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক, আবদুল আলিম ও হেলালুর রহমান। ভূমিহীন নেতা ময়েন উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আতাউর রহমান, মুক্তিযোদ্ধা শংকর দাস, রমজান আলী, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ইসরাইল আলম, তোজাম্মেল হক, আজির উদ্দিন, হাসান আলী, রমেছা খাতুন, আনোয়ারা খাতুন প্রমুখ।উদ্বোধনের পর ভূমিহীন নারী-পুরুষ উৎসবের আমেজে গ্রামওয়ারী নিজেদের বোনা খাস জমিতে ধান কাটতে থাকেন এবং ভূমিহীন মহিলারা কাটা ধানের বোঝা নিয়ে বাড়ি যান। এ সময় স্থানীয় ভূমিগ্রাসীদের সম্ভাব্য হামলা প্রতিরোধ ও শান্তিপূর্ণভাবে ধান কাটার জন্য দেশীয় অস্ত্র হাতে একদল ভূমিহীন বিল পাহারায় ছিলেন। ধান কাটতে আসা ভূমিহীন রমিজ উদ্দিন, আলম হোসেন, রাশিদা বেগম, ছানোয়ারা বেগমসহ অন্যরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। একর প্রতি ২৮ থেকে ৩০ মণ হারে বিলকুড়ালিয়ার ৩৭১ একর জমিতে প্রায় ১০ হাজার মণ আমন ধান ভূমিহীনদের ঘরে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, বিগত ১৯৯২ সালে ভূমিগ্রাসী জোতদারদের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ভূমিহীনরা বিলকুড়ালিয়ার প্রায় দেড় হাজার বিঘা খাসজমি নিজেদের দখলে নেয়। সেই থেকে এ পর্যন্ত ভূমিহীনরা জোতদারদের হামলা-মামলা মোকাবিলা করে সরকারের কাছ থেকে একসনা লিজ নিয়ে বিলে চাষাবাদ করে আসছে।