রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অননুমোদিত আবাসন প্রকল্পের বিলবোর্ড, সাইনবোর্ড ও স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে। হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রাথমিক কাজ হিসেবে গতকাল মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়।গতকাল রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ, ডেমরা থানা ও সাত মসজিদ রোড এলাকায় ৩২টি বিলবোর্ড ও সাইনবোর্ড এবং একটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বিভিন্ন আবাসন কোম্পানির লোকজন বাধা না দিয়ে পালিয়ে যায়। পুলিশের সহায়তায় দুটি অভিযানেই প্রচুরসংখ্যক শ্রমিক অংশ নেন। উচ্ছেদ শেষে বিলবোর্ড ও সাইনবোর্ড ট্রাকে করে রাজউকের গুদামে নিয়ে যাওয়া হয়।৮ জুন হাইকোর্ট বেসরকারি আবাসন প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ অমান্য করে অননুমোদিত আবাসন কোম্পানি ও প্রকল্পগুলো যাতে প্লট বিক্রির জন্য কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করতে না পারে, সে বিষয়ে রাজউককে ব্যবস্থা নিতে বলেছিলেন। রায়ে অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বিক্রির জন্য প্রচারিত সব বিজ্ঞাপন এবং এ-সংক্রান্ত সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি ভরাটের কাজ অব্যাহত রাখা প্রকল্পগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতেও বলা হয়েছিল।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, হাইকোর্টের রায়ের প্রত্যায়িত অনুলিপি না পেলেও রায় বাস্তবায়নের প্রাথমিক কাজ হিসেবে অনুমোদনহীন সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বড় কাজে হাত দেওয়া হবে।গতকাল রাজউকের দুটি অভিযানকারী দল উচ্ছেদ কার্যক্রমে অংশ নেয়। এর মধ্যে একটি দল সকালে সাত মসজিদ রোডে ছায়ানট সংস্কৃতি-ভবনের পাশে যাত্রীছাউনীতে ব্যবহার করা বিডিডিএলের দুটি সাইনবোর্ড উচ্ছেদ করে। এরপর আবাহনী মাঠের পাশে বসুধা বিল্ডার্স লিমিটেডের একটি বড় বিলবোর্ড উচ্ছেদ করা হয়। ধানমন্ডি-৭-এ সড়কের মাথায় বারিধারা রিভারভিউ প্রকল্পের একটি বড় বিলবোর্ডও উচ্ছেদ করা হয়।দুপুরে অভিযানকারী দল রায়েরবাজার বেড়িবাঁধের ভেতরের এলাকায় স্থাপিত আলী অ্যান্ড নূর রিয়েল এস্টেট ও এসআরএইচ ড্রীমওয়ার্ল্ডের সাইনবোর্ড উচ্ছেদ করে। পরে কেরানীগঞ্জ তৃতীয় সেতুর কাছাকাছি বসিলা এলাকায় বুড়িগঙ্গা হাউজিং এবং পাশ্ববর্তী রাজধানী উদ্যানের সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণ করা হয়। সেখানে রাজধানী উদ্যানের একটি একতলা পাকা ভবনও ছিল। একটি কলাম ভাঙতেই ভবনটি পুরো ভেঙে পড়ে। প্রায় এক হাজার ২০০ বর্গফুটের এই স্থাপনা প্রকল্পের মাঠ কার্যালয় হিসেবে ব্যবহূত হতো।এরপর একে একে ভাঙা হয় চৌধুরী রিয়েল এস্টেট, মেট্রো ডেভেলপমেন্ট, রংধনু বহুমুখী সমবায় সমিতির বিলবোর্ড, বসিলা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ফটক ও বড় দুটি বিলবোর্ড। এ ছাড়া কেরানীগঞ্জ আটিবাজার মোড এলাকায় মধুসিটির দুটি, ইকো সিটির দুটি এবং হাজী আবদুল হান্নান হাউজিংয়ের বিলবোর্ড ও সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়। একই এলাকায় ওয়ালী মোহাম্মদ ফাউন্ডেশনের মোহাম্মাদনগর প্রকল্পের বৃহদাকার একটি বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছিল, গতকাল সন্ধ্যার দিকে সেটিও ভেঙে দেয় অভিযানকারী দল।উপনগর পরিকল্পনাবিদ মুর্শেদা বানুর নেতৃত্বে অভিযানে অনুমোদিত কর্মকর্তা আমিনুর রহমান ও ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম অংশ নেন।ডেমরা এলাকা: ডেমরার আমুলিয়া, বামইল, ধল্লাসহ আশপাশের নিচু এলাকায় পানির মধ্যে বিভিন্ন আবাসন প্রকল্পের প্রচুর সাইনবোর্ড-বিলবোর্ড রয়েছে। গতকাল রাজউকের অপর একটি অভিযানকারী দলের সদস্যরা নৌকা নিয়ে কিছু বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করেন। এর মধ্যে গ্রীন মডেল টাউন ও আমুলিয়া মডেল টাউনের বিলবোর্ড ছিল বেশি। অভিযানে উপনগর পরিকল্পনাবিদ আবু হাসান মুর্শেদ, কর্মকর্তা আবদুল খালেক ও ম্যাজিস্ট্রেট মঞ্জুর মুর্শেদ অংশ নেন।