বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সংবর্ধনা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিলবোর্ডগুলো দলীয় প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে। এতে ঢেকে গেছে বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপন। আজ বুধবার বিকেলে নগরের লালদীঘি ময়দানে ওমর ফারুককে সংবর্ধনা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চট্টগ্রাম নগর ঘুরে দেখা গেছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগ্রাবাদ, টাইগারপাস হয়ে লালদীঘি ময়দান পর্যন্ত সড়কের দুই পাশের বিলবোর্ডগুলো দলীয় প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে যুবলীগের প্রচারণার কাজ শুরু হয়। এতে ওমর ফারুকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। বিলবোর্ডগুলোতে ওমর ফারুকের বড় আকারের ছবি শোভা পাচ্ছে। মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ভগ্নিপতি। সম্প্রতি সম্মেলনের মাধ্যমে ওমর ফারুককে যুবলীগের চেয়ারম্যান করা হয়। চট্টগ্রামের সন্তান বলে তাঁকে লালদীঘি ময়দানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর আয়োজক চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ। বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ষিক হিসেবে বিলবোর্ড ভাড়া নেওয়া হয়। এসব বিলবোর্ড বিজ্ঞাপন ছাড়া অন্য কাজে ব্যবহার করা অবৈধ। রাজনৈতিক দলগুলো এসব বিজ্ঞাপন ঢেকে দিয়ে বিলবোর্ডগুলোকে দলীয় প্রচারণার কাজে ব্যবহার করছে। এতে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিলবোর্ড ব্যবহারকারী একটি কোম্পানির প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘যুবলীগের নেতার সংবর্ধনা হচ্ছে চট্টগ্রামে। তারা গায়ের জোরে আমাদের কোম্পানির বিজ্ঞাপন ঢেকে দিয়েছে। তাদের বাধা দেওয়ার সাধ্য কারও নেই।’ জানতে চাইলে চট্টগ্রাম নগর যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে বিলবোর্ডে বিজ্ঞাপন ঢেকে দলীয় কর্মসূচির প্রচারণার কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যক্তিগত উদ্যোগে যুবলীগের কেউ এই কাজটি করেছে, যার সঙ্গে সংগঠন সরাসরি জড়িত নয়।’ জানা গেছে, ২০১১ সালের নভেম্বরে খালেদা জিয়া চট্টগ্রাম সফর করেন। পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে তিনি বক্তব্য দেন। তাঁর মহাসমাবেশের প্রচারণার সময় চট্টগ্রামের শত শত বিলবোর্ড দলীয় কাজে ব্যবহার শুরু হয়। এরপর আওয়ামী লীগ একই পথ অনুসরণ করে বিলবোর্ডগুলোকে প্রধানমন্ত্রীর পলোগ্রাউন্ডের জনসভার প্রচারণার কাজে ব্যবহার করেছে। গত বছরের মার্চে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ড মাঠে বক্তব্য দেন। ট্রেনের ১৭০ টিকিট: চট্টগ্রামের সংবর্ধনায় যোগ দিতে যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতা ঢাকা থেকে আসছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথায় চড়ে এসেছেন ১৭০ জন নেতা। টিকিটের জন্য তাঁরা ঢাকার রেল ভবনে হানা দেন। অথচ যাত্রার ১০ দিন আগে সব টিকিট উন্মুক্ত হয়। ফলে কাউন্টারে কোনো টিকিট ছিল না। রেলওয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যাত্রার প্রায় এক মাস আগে ৮ জানুয়ারি রাতের তূর্ণা নিশীথার টিকিট বুকিং দিয়ে রাখেন। তাঁদের টিকিট বাতিল করে যুবলীগের নেতাদের ১৭০টি টিকিট দেওয়া হয়। নইলে চট্টগ্রামগামী কোনো ট্রেন যেতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।’ জানতে চাইলে মশিউর রহমান গতকাল বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ২০০ নেতা ঢাকা থেকে আসছেন। তাঁদের মধ্যে কেবল ৩০ জনের থাকা-খাওয়া এবং যাতায়াতের দায়িত্ব নিয়েছি আমরা। অন্যরা নিজ নিজ দায়িত্বে ট্রেনে চড়ে আসছেন।’