যোগাযোগমন্ত্রীর দাওয়াতি সাংবাদিকদের নৌমন্ত্রীর ‘বহিষ্কার’
বিলম্বিত সভায় প্রলম্বিত নানা উদ্যোগের ঘোষণা
সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভার সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানায় যোগাযোগ মন্ত্রণালয়। কিন্তু সভাস্থলে সাংবাদিকদের থাকতে দেননি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত সব সড়ক দুর্ঘটনা, যোগ্যতার পরীক্ষা ছাড়া পেশাদার চালকের লাইসেন্স দেওয়ার তদবির এবং কয়েকটি মহাসড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এই বৈঠকের বিষয়ে গণমাধ্যমের আগ্রহ ছিল। তিন মাস পর পর বৈঠকটি হওয়ার কথা থাকলেও প্রায় এক বছর পর গতকাল রোববার রেল ভবনের সম্মেলনকক্ষে কাউন্সিলের ২০তম এই সভা হয়। সভা শেষে পুরোনো সব সিদ্ধান্তের কথা আবার নতুন করে জানান যোগাযোগমন্ত্রী।সকাল সাড়ে ১০টায় যোগাযোগমন্ত্রীর সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরুর কথা ছিল। তবে যথাসময়ে তিনি আসতে না পারায় তাঁর অনুপস্থিতিতেই সভা শুরু হয়। বিভিন্ন টেলিভিশন, দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থার ৩০ থেকে ৩৫ জন সাংবাদিক সভার সংবাদ সংগ্রহ করতে সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন।সভার শুরুতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যসচিব আইয়ুবুর রহমান খান বাংলাদেশের সড়ক দুর্ঘটনার চিত্র বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ডিটিসিবির নির্বাহী পরিচালক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিসহ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন; ছিলেন গণমাধ্যমের কর্মীরাও।সকাল সোয়া ১১টায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সভায় উপস্থিত হন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান যোগাযোগমন্ত্রীকে বলেন, ‘সভায় সাংবাদিকেরা থাকতে পারবেন না। সভাটি শুধু সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের জন্য।’ নৌমন্ত্রীর আপত্তির পর যোগাযোগমন্ত্রীও সাংবাদিকদের কক্ষ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানান। যোগাযোগমন্ত্রী বলেন, ‘আপনারা বাইরে যান। সভার সিদ্ধান্ত আপনাদের ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’সাংবাদিকেরা আগের বৈঠকগুলোতে সভাস্থলে উপস্থিত থাকার তথ্য জানালে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমার সব অনুষ্ঠানে সাংবাদিকদের রাখতে চাই। তাই আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। মনে হচ্ছে, ভুল হয়ে গেছে।’এ সময় ক্ষুব্ধ কণ্ঠে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘এটি কোনো জনসভা নয়। জনসভা হলে পল্টনে করতাম। আপনারা এখানে থাকতে পারবেন না।’ স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীও সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের জন্য কাজ করি।’সাংবাদিকেরা বলেন, সড়ক নিরাপত্তার বিষয়টি নিয়ে সাধারণ মানুষ এখন জানতে চায়। তাদের আগ্রহ আছে বলেই এবং যোগাযোগ মন্ত্রণালয় আমন্ত্রণপত্র পাঠিয়েছে বলেই সাংবাদিকেরা এখানে এসেছেন। সাংবাদিকেরা প্রশ্ন করেন, এটা কি অস্ত্র-গোলাবারুদ কেনার মতো কোনো বৈঠক যে সাংবাদিকেরা থাকতে পারবেন না?যোগাযোগমন্ত্রী এ সময় বলেন, ‘আপনারা বাইরে যান। সভা শেষে আপনাদের ব্রিফ করা হবে। আপনাদের জন্য বাইরে আপ্যায়নের ব্যবস্থা আছে।’বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি পরীক্ষা ছাড়া ২৮ হাজার লাইসেন্স দেওয়ার জন্য সুপারিশ করে নৌমন্ত্রী শাজাহান খান কঠোর সমালোচনার মুখে পড়েন। বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসতে পারে—এমন আশঙ্কা থেকেই শাহজাহান খান সাংবাদিকদের বের করে দেন।সভার সিদ্ধান্ত: সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই সভা চলে। পুরো সময় সাংবাদিকেরা বাইরে দাঁড়িয়ে থাকে। শেষে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান যোগাযোগমন্ত্রী।সরকারের একজন মন্ত্রীর সুপারিশে যোগ্যতার পরীক্ষা ছাড়া ২৮ হাজার চালককে পেশাদার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আপনারা কোথায় এই তথ্য পেয়েছেন, আমার জানা নেই। আমার কাছে অনেকেই অনেক সুপারিশ করেন। অনেক সাংবাদিকও সুপারিশ করেন। কিন্তু এসব সুপারিশে কাজ হবে না। নিয়মনীতি প্রতিপালন এবং পরীক্ষা ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কাউকে কোনো লাইসেন্স দেবে না।’আবুল হোসেন বলেন, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই) সারা দেশে যেসব দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করেছে, সেগুলো নিরাপদ করতে যোগাযোগ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি প্রকল্প নিয়েছে। এ ছাড়া অবৈধ ড্রাইভিং লাইসেন্স বন্ধে ডিজিটাল স্মার্ট কার্ড ব্যবহারের কাজ শুরু করেছে বিআরটিএ।মন্ত্রী বলেন, সরকার যানবাহনের ফিটনেস পরীক্ষা আরও দ্রুত এবং স্বচ্ছতার ভিত্তিতে করার জন্য আউটসোর্সিংয়ের (বাইরের প্রতিষ্ঠানকে দিয়ে করানো) সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া সড়ক মেরামত, সংরক্ষণ এবং স্থায়ী মেরামতের জন্য আর্থিক সামর্থ্য অর্জনের জন্য একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। এ মাসে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব পাঠানো হবে।আবুল হোসেন জানান, সভায় সড়ক-মহাসড়কের আশপাশে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা ও হাটবাজার উচ্ছেদে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ, ভুয়া, জাল লাইসেন্স ও গাড়ির অবৈধ কাগজপত্র প্রস্তুতকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য গোয়েন্দা পুলিশ ও র্যাবের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। পেশাদার, দক্ষ ও সচেতন গাড়িচালক তৈরির লক্ষ্যে দুই হাজার প্রশিক্ষক তৈরি করতে বুয়েট এবং বিআরটিএ যৌথভাবে কাজ করবে।মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের ব্যাপারে সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। তাই প্রত্যেক জেলায় এ ব্যাপারে একটি কমিটি করা হবে।যোগাযোগমন্ত্রী জানান, সড়ক নিরাপত্তা কাউন্সিলের পাশাপাশি সাধারণ মানুষ ও নাগরিকদের মতামত নিয়ে সুপারিশ প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে প্রধান করে একটি উপকমিটি গঠন করা হয়। পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রধান করে আরও একটি উপকমিটি গঠন করা হয়েছে।সাংবাদিকেরা মন্ত্রীকে জানতে চান, আজ যেসব সিদ্ধান্তের কথা বলা হচ্ছে সেগুলো আগেও অনেকবার বলা হয়েছে। কিন্তু সেগুলো কেন বাস্তবায়িত হয়নি? উত্তরে যোগাযোগমন্ত্রী জানান, এবার উচ্চক্ষমতাসম্পন্ন (হাই পাওয়ারড) কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এর নেতৃত্ব দেবেন। এ কমিটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।সাংবাদিকেরা জানতে চান, সড়ক-মহাসড়কের আশপাশের হাটবাজার উচ্ছেদ, গাড়ি চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলা, সিটবেল্ট বাঁধা প্রভৃতি সিদ্ধান্তের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছিল। কিন্তু নিজেদের মন্ত্রণালয়ের নেওয়া এসব সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করতে পারেনি। এখন যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কি বাস্তবায়িত হবে?এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের যেসব সমস্যার কথা বলে হয়েছে, সেগুলো এক দিনের নয়। ২০০৮ সালে ক্ষমতায় এসেই আওয়ামী লীগ এসব সমস্যা পেয়েছে।’ সাংবাদিকেরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেন, ‘রাজনৈতিক বক্তব্য না দিয়ে গত আড়াই বছরে আপনারা কী করেছেন, তা বলুন।’ জবাবে মন্ত্রী বলেন, ‘আপনাদের সব কথা শুনতে হবে।’ সাংবাদিকেরা জানতে চান, কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত এক দিনে বাস্তবায়ন করা যায় না।