বিলাওয়ালের মান ভেঙেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো অবশেষে দেশে ফিরতে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘দ্য ডন’ পত্রিকা জানায়, দুবাইয়ে বাবা জারদারির সঙ্গে বিলাওয়ালের দীর্ঘ বৈঠক হয়েছে। মান ভেঙেছে ছেলের। তিনি দেশে ফিরতে রাজি হয়েছেন। সূত্র জানিয়েছে, দলের বিভিন্ন বিষয়ে বিলাওয়ালের সব আপত্তি দূর করার নিশ্চয়তা দিয়েছেন জারদারি।নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলেন, ‘হ্যাঁ, প্রেসিডেন্ট তাঁর ছেলের সঙ্গে দুবাইয়ে বৈঠক করেছেন। অবশেষে সে (বিলাওয়াল) দেশে ফিরতে সম্মত হয়েছে।’ আজ দেশে ফিরতে পারেন জারদারি। বিলাওয়ালের দেশে ফেরার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেননি সূত্র। তবে আগামী সপ্তাহে পাকিস্তান ফিরতে পারেন বিলাওয়াল। বিলাওয়াল ভুট্টো ২৬ মার্চ দেশ ত্যাগ করে দুবাইয়ে চলে যান। তখন পাকিস্তানের গণমাধ্যমে খবর বেরোয়, দল পরিচালনা নিয়ে ভুট্টো পরিবারের ভেতরে মতপার্থক্য চলছে।ছেলে বিলাওয়াল ভুট্টো দেশ ত্যাগ করে দুবাইয়ে যাওয়ার চার দিনের মাথায় গত শনিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সেখানে যান। এ নিয়ে পাকিস্তানের গণমাধ্যমে নানা গুঞ্জন চলছে। ছেলে বিলাওয়ালের মান ভাঙিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনতেই জারদারি দুবাইয়ে গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।তবে প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর জানান, জারদারি ব্যক্তিগত সফরে দুবাইয়ে গেছেন। দেশে ফেরাতে বিলাওয়ালকে রাজি করাতে তিনি দুবাইয়ে গেছেন বলে যে খবর বেরিয়েছে, তার কোনো সত্যতা নেই বলে দাবি করেন মুখপাত্র বাবর।