বিলাসবহুল দপ্তরে উঠছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে বেশ খোশ মেজাজে আছেন নরেন্দ্র মোদি। এবার তিনি পুরানো দপ্তর ছেড়ে গান্ধীনগরে নির্মিত বিলাসবহুল দপ্তরে উঠতে যাচ্ছেন। তাঁর ওই নতুন দপ্তর নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি। দপ্তরটি গুলি নিরোধক (বুলেট প্রুফ) বলে আজ রোববার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ওই খবরে বলা হয়েছে, এক বছরেরও কম সময়ের মধ্যে মোদির দপ্তরের জন্য চার তলা ওই ভবনটি নির্মাণ করা হয়েছে। ৩৫ হাজার বর্গফুটের এ ভবন নির্মাণের দায়িত্বে ছিল রাজ্যের সড়ক ও ভবন বিভাগ। ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবনের সব জানালা ও দরজায় লাগানো হয়েছে গুলি নিরোধক কাচ।কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ওই দপ্তরে মন্ত্রিসভার বৈঠকের জন্য একটি বিশেষ কক্ষ রয়েছে। রয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি। দপ্তরটির নকশার খুঁটিনাটি দিক নিয়েও মোদি বেশ আগ্রহী ছিলেন বলে জানা গেছে। গুজরাটে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১৮২ আসনের মধ্যে ১১৫টিতে জয় পায় মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর ফলে নরেন্দ্র মোদির জন্য টানা তৃতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পথ খুলে গেছে। উল্লেখ্য, নরেন্দ্র মোদির প্রথম শাসনামলে ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়। এদের অধিকাংশই মুসলমান। এ ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের মদদ ছিল বলে অভিযোগ রয়েছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিজেপির হয়ে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে শামিল হওয়ার স্বপ্ন দেখছেন মোদি।