বিলাসরাও: গ্রামপ্রধান থেকে মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবদ্দশায় তিনি পাঁচবার রাজ্যের বিধায়ক হয়েছিলেন। দুবার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যও হয়েছিলেন। শেষে হয়েছিলেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী। রাজনৈতিক জীবনে এই উজ্জ্বল কৃতিত্বের অধিকারী ব্যক্তিটি হলেন ভারতের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ (৬৭)। তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ সর্বস্তরের মানুষ। বিলাসরাও দেশমুখের উত্থানটা বেশ নাটকীয়। একেবারে তৃণমূল পর্যায় থেকে রাজ্যের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন তিনি। শেষজীবনে রাজ্যের সীমানা পার হয়ে তিনি গোটা ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।দ্য হিন্দুর খবরে বলা হয়, দেশমুখের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল মহারাষ্ট্র রাজ্যের লাটোরের বাভলগাঁও গ্রামের ‘গ্রামপ্রধান’ হিসেবে। এরপর তিনি যুব কংগ্রেসের কর্মী হিসেবে কাজ শুরু করেন। নেতৃত্বের গুণে যুব কংগ্রেসের লাটোর জেলা সভাপতির দায়িত্ব পান। মহারাষ্ট্র রাজ্যের বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। বিলাসরাও দেশমুখ ১৯৮০ সাল থেকে টানা তিনবার বিধানসভার আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হন। ১৯৯৫ সালে একবার পরাজিত হলেও ১৯৯৯ সালে আবার জয়ী হন। সে বছরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে আসীন হন তিনি। ২০০৪ সালে তিনি দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হন। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার পর তাঁকে পদ ছাড়তে হয়। সুন্দর চেহারা, পরিপাটি চুল ও স্মিত হাসির কল্যাণে খুব সহজেই মানুষের নজর কাড়তেন বিলাসরাও দেশমুখ। এটি তাঁর রাজনৈতিক জীবনে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হতো। কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা যকৃতের ক্যানসারে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাই থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ৬ আগস্ট তাঁকে চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে তাঁর যকৃত্ প্রতিস্থাপনের কথা ছিল। কিন্তু ৩১ বছর বয়সী একজন যকৃত্-দাতার মৃত্যুর কারণে তা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত যকৃতের ক্যানসারেই চলে যেতে হলো তাঁকে।ব্যক্তিজীবনে বিলাসরাও দেশমুখ খুব পরিবারকেন্দ্রিক ছিলেন। তাঁর স্ত্রী বৈশালি এক সাক্ষাত্কারে বলেছিলেন, তাঁর হাতে রান্না খাসির মাংসের পদ বিলাসরাও খুব পছন্দ করতেন। এই দম্পতির তিন ছেলে—অমিত, রীতেশ ও ধীরাজ। অমিত রাজনীতির সঙ্গে যুক্ত; তিনি বর্তমানে বিধানসভার সদস্য। মেজ ছেলে রিতেশ বলিউডের জনপ্রিয় অভিনেতা।