বিলীন হচ্ছে একের পর এক জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় তিন যুগ ধরে ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে উপজেলার পারুল থেকে জালালগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকার গ্রামগঞ্জসহ একের পর এক জনপদ মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। পারুল থেকে জালালগঞ্জ পর্যন্ত তিনটি ইউনিয়নের ১৩টি গ্রামের আট শতাধিক পরিবার নদীভাঙনের কবলে পড়ে বসতভিটা ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।এলাকাবাসী জানায়, নদীর ভাঙনে ১৩টি গ্রামের আট শতাধিক পরিবারের বসতভিটা ও ৫০০ হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিন যুগ ধরে এই নদীর ভাঙন অব্যাহত থাকলেও তা রোধে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।সরেজমিনে দেখা যায়, নদীভাঙনের শিকার পরিবারগুলো বসতভিটা ও আবাদি জমি হারিয়ে অন্যের জায়গায় কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে নিলেও অর্থাভাবে দুর্বিষহ জীবন যাপন করছে। পারুল ইউনিয়নের পারুল গ্রামের ইদু মিয়া (৮৫), সৈয়দ আলী (৫০), বাশার মিয়া (৪৫), হামিদুল (৪০) ও জহিরুল হক (৫৫) জানান, বসতভিটা ও আবাদি জমি ঘাঘট নদীগর্ভে বিলীন হয়ে তাঁরা এখন নিঃস্ব।পীরগাছা সদর ইউনিয়নের পিয়ারপাড়া গ্রামের নদীভাঙনের শিকার রেজাউল করিম (৩৮) জানান, তাঁদের বসতবাড়ি ভেঙেছে ১০ বার। তিনি এখন অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন। খামারটারী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম জানান, নদীর অব্যাহত ভাঙনে মানুষের বসতভিটা ও আবাদি জমিসহ একের পর এক জনপদ নদীগর্ভে বিলীন হচ্ছে। আর এসব মানুষ নিঃস্ব হয়ে পথে বসলেও নদীভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মোংলাকুটি গ্রামের সরোয়ার মণ্ডল বলেন, ‘নদী হামার বসতভিটা, কবরস্থান, আবাদি জমি গ্রাস করি কমর ভাঙ্গি দেছে। এখন হামরা জায়গাজমি হারিয়ে নিঃস্ব।’কৈকুড়ী ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল জানান, ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে উপজেলার তিনটি ইউনিয়নের অসংখ্য বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে ওই ইউনিয়নগুলোর হাজার হাজার মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তিনি অভিযোগ করেন, নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও কোনো কাজ হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নদীভাঙনের কথা স্বীকার করে বলেন, ভাঙন রোধে কোনো বরাদ্দ না থাকায় এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।