বিলীন হয়ে যাচ্ছে ভোলার রাজাপুর ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৫০০ বছরের পুরোনো জনপদ ভোলার রাজাপুর ইউনিয়ন মেঘনাগর্ভে বিলীন হতে চলেছে। গত দুই সপ্তাহে দুটি গ্রামসহ প্রায় ১৫ বর্গকিলোমিটার এলাকা মেঘনার পেটে চলে গেছে। এতে দুই সহস্রাধিক পরিবার নিঃস্ব হয়ে এখন রাস্তার ওপর, বাজার-ঘাটে অবস্থান করছে। ২৩ অক্টোবর ভোলা সদর উপজেলার ভাঙনকবলিত ১ নম্বর রাজাপুর ইউনিয়ন ঘুরে এ তথ্য জানা গেছে। ইঞ্জিনচালিত নৌকা থেকে নেমে দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর ইউনিয়নের রামদাসপুর লঞ্চঘাটে পা রাখতেই একটি কথা কানে আসে, ‘কিয়ারে আইছেন বাইজান, বাড়িঘর সব তো গেছে, এ্যহোন মরোন দেইখ্যা যাইতে আইছেননি।’ শতাধিক মানুষের মুখে এ ধরনের কষ্টের উক্তি শুনতে হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে চাপা হাহাকার। ঘুরে দেখা যায়, বিচ্ছিন্ন রাজাপুর ইউনিয়নের পাঁচ-ছয় কিলোমিটার সড়কের ওপর শত শত পরিবার বসত করছে। তিনবার নদীভাঙনের শিকার উত্তর রামদাসপুরের বৃদ্ধ আলী আজগর মাঝি বলেন, ‘দ্যাশ থাকলে মাইনষের বাড়িত ওডোন যায়, না থাকলে কই যায়?’ একই গ্রামের আলী আহমদ শিকদার (৬৫) বলেন, ‘দাদাজি! আমগো দ্যাশ (রাজাপুর) বাঁচানের লাইগ্যা দ্যাশে কেউ নাই?’ তিনি এ পর্যন্ত চারবার ভাঙনের শিকার হয়েছেন। সম্প্রতি উত্তর রামদাসপুর গ্রামটি মেঘনাগর্ভে বিলীন হয়েছে। মধ্য রামদাসপুর গ্রামের শেষ অংশ এখন মেঘনার পাড়। এ গ্রামের সরদার বাড়ি ভাঙনের মুখে। ওই বাড়িতে ১২টি পরিবার এবং বেশির ভাগ ঘর টিনের ও টিনশেড বিল্ডিং। হঠাৎ করে মেঘনার ভাঙনের মুখে চলে আসায় বাড়ির সবাই ঘর ভেঙে সরানোর কাজে ব্যস্ত। বাড়ির এক সদস্য আমির হোসেন জানান, ঘর ভেঙে ঘরের চাল ও বেড়া কাপেরহাট বাজারে রাস্তার ওপর রাখা হয়েছে। নতুন করে ঘর তৈরির কোনো ব্যবস্থা নেই। তাই কোথায় উঠবেন ঠিক করতে পারছেন না। বাড়ির ভিটেটুকু শনিবার (২৩ অক্টোবর) পর্যন্ত টিকে থাকলেও গত দুই সপ্তাহে ৮০ একর ফসলি খেত ও বাগান মেঘনায় বিলীন হয়েছে। বাড়ির অপর সদস্য আলী হোসেন সরদারের ঘর সরিয়ে নেওয়ার পরে শূন্য ভিটায় দুপুরের ভাত রান্না করছেন তাঁর মেয়ে পাখি। চুলা থেকে মেঘনার দূরত্ব ১০-১২ হাত। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছেন শৈশবের শেষ স্মৃতি কীভাবে মেঘনা ভেঙে নিয়ে যায় স্বচক্ষে দেখতে। চুলায় চড়ানো মোটা চালের ভাত নাড়তে নাড়তে পাখি বলেন, ‘জানি না আইজ রাইত্যা এই ভাত খাইতাম পারুম কি না।’দুইবার ভাঙনের শিকার উত্তর রামদাসপুরের মোশারেফ হোসেন তহশিলদার জানান, এই সরদার বাড়ির মতো ১২-১৩ শ বাড়ি এক সপ্তাহে মেঘনায় বিলীন হয়েছে। এর মধ্যে হাওলাদার বাড়ি, পালোয়ান বাড়ি, দেওয়ান বাড়ি, মালেগো বাড়ি, নতুন সরদার বাড়ি, গোলদার বাড়ি, ফরাজী বাড়ি, মৌলভী বাড়ি, পাটোয়ারী বাড়ি, বেপারী বাড়ি, মালেক মাঝির বাড়ি, জসিম সরদারের বাড়ি উল্লেখযোগ্য। ঘর সীতারাম ও উত্তর রামদাসপুর সম্পূর্ণ বিলীন হওয়ার পরে মধ্য রামদাসপুরও ভাঙছে।চৌধুরী বাড়ির মো. খোকন চৌধুরী জানান, এই বছর ভাঙনের সঙ্গে সঙ্গে জোয়ার ও বন্যায় রামদাসপুরের সব গলদা চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে গেছে। প্রায় ২৭টি ঘের মেঘনায় বিলীন হয়েছে। মাছগুলোও খামারিরা বিক্রি করতে পারেননি।রাজাপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইউনিয়নটি দুটি অংশে বিভক্ত। একটি তর (মূল ভূখণ্ড), অন্যটি চর। চরাংশে ছিল ১৭টি গ্রাম মিলে ছয়টি ওয়ার্ডে/ইউনিট। এখানে প্রায় ২৫ হাজার মানুষের বাস। গত দুই বর্ষায় ওই ১৭টি গ্রামের মধ্যে ১৫টি বিলীন হয়েছে। বর্তমানে দুটি ওয়ার্ডের অংশবিশেষ আছে। বিলীন গ্রামগুলো হলো—নরশিনপুর, কোরালিয়া, চরপাতা, বঙ্গের চর, চর খাডাইয়্যা, সন্তোষপুর, বাইর সীতারাম, ঘর সীতারামপুর, মজিদপুর, গণেশপুর, হাজীপুর, উদয়পুর, গাইন্দা, দক্ষিণ রামদাসপুর ও উত্তর রামদাসপুর। এর মধ্যে এ বছরই তিনটি গ্রামসহ প্রায় ১৫ বর্গকিলোমিটার এলাকা মেঘনা গিলে খেয়েছে। ছয়টি স্কুল, একটি সাইক্লোন সেল্টার, একটি কমিনিউটি ক্লিনিকসহ প্রায় ২৬টি শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠান বিলীন হয়েছে। স্থানীয় সমাজকর্মী আফজাল হোসেন জানান, রামদাসপুরের উত্তর-পূর্বে গুলগইল্যার চর নামে জেগে ওঠা ডুবোচরের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে রামদাসপুরে আঘাত হানছে। ওই চরটি ড্রেজিং করলেই ভাঙনের তীব্রতা কমে আসবে। কিন্তু আমরা বারবার আন্দোলন, মানববন্ধন ও গণ-দোয়ার আয়োজন করে ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের (নদী সিকস্তি) পুনর্বাসনের দাবি জানিয়ে এলেও কিছু হচ্ছে না। রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবি আবদুল্লাহ চৌধুরী বলেন, ‘রাজাপুর ইউনিয়নের আশপাশে অনেক চর জেগে উঠেছে। ওই চরে ভাঙনকবলিতদের জমি বন্দোবস্ত দিয়ে পুনর্বাসন করা উচিত।’পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, ‘রাজাপুর আমাদের প্রকল্প এলাকার বাইরে। ওই বিচ্ছিন্ন এলাকার ভাঙন প্রতিরোধে নদীর গতিপথ পরিবর্তন করতে ড্রেজিং করতে হবে। সে জন্য দরকার ওপর মহলের তদবির।’ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েকবার রাজাপুরের ভাঙন দেখতে গেছি। ভাঙনে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়েছে। পরিবারগুলোর পুনর্বাসনের জন্য একটি আবাসন প্রকল্প ও একসনা জমি বন্দোবস্তের ব্যবস্থা চলছে।’