বিলুপ্ত হয়নি আমাদের ঘড়িয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িয়াল (Gharial or Gavial) বিরল প্রজাতির মিঠাপানির কুমির। এ দেশে এরা ঘড়েল, বাইশাল বা মেছো কুমির নামেও পরিচিত। এ ছাড়া এদের লম্বা-নাক কুমির, নাকা, নাকার ইত্যাদি নামেও ডাকা হয়। এদের বৈজ্ঞানিক নাম Gavialis gangeticus। এরা অত্যন্ত প্রাচীন প্রাণী। প্রায় দুই হাজার মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বসবাস করছে এরা। একসময় ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভুটান ও মিয়ানমারে ঘড়িয়াল দেখা যেত। তবে ইতিমধ্যেই এরা লাল বইয়ে (Red Data Book of IUCN) নাম লিখিয়েছে, অর্থাৎ দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছে। প্রাকৃতিক পরিবেশে পৃথিবীতে বর্তমানে মাত্র ২০০টির মতো বুনো ঘড়িয়াল রয়েছে। অত্যন্ত লম্বা চোয়ালের জন্য ঘড়িয়াল অন্যান্য কুমির থেকে আলাদা। পুরুষ ঘড়িয়ালের ওপরের চোয়ালে, নাকের ঠিক ওপরে, কলস বা ঘড়া আকৃতির একটি পিণ্ড থাকে। এ কারণেই সম্ভবত ঘড়িয়াল নাম। লম্বা চোয়ালটি বাদ দিলে এরা দেখতে অন্যান্য কুমিরের মতোই। পিঠ ও লেজ কাঁটাযুক্ত শক্ত আঁশে মোড়ানো। সরীসৃপ হলেও এদের হূৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট। লম্বায় ৪.৫-৯.০ মিটার পর্যন্ত হতে পারে। সাধারণত, পুরুষ ঘড়িয়াল আকারে স্ত্রী ঘড়িয়ালের চেয়ে মিটার খানেক বড় হয়। এদের চোয়াল ০.৯-১.২ মিটার লম্বা। চোয়ালে দাঁত আছে ১০৬ থেকে ১১০টি। পুরুষের চোয়ালে ঘড়া থাকলেও স্ত্রীর তা থাকে না। আর বাচ্চা পুরুষ ঘড়িয়ালের বয়স এক বছর না হওয়া পর্যন্ত ঘড়া চোখে পড়ে না। এদের চোখ অপেক্ষাকৃত বড়। হাতে পাঁচটি ও পায়ে চারটি করে আঙুল ও নখর রয়েছে। গায়ের রং কালচে ধূসর হলেও বাচ্চাগুলো কিছুটা উজ্জ্বল রঙের।মাছ এদের প্রধান খাদ্য। আঁশবিহীন মাছ, বিশেষ করে বোয়াল, আইড়, গুঁজি, পাঙাশ বেশি পছন্দ করে এরা। লম্বা চোয়াল মাছ ধরার জন্য বিশেষভাবে উপযোগী। মাছ প্রধান খাবার বলে এরা মেছো কুমির নামে পরিচিত। বালুচরে রোদ পোহাতে এরা বেশ পছন্দ করে। রোদ পোহানোর সময় সাধারণত বিশাল হাঁ করে থাকে। যদিও এরা মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু মানুষ এদের ক্ষতি করতে মোটেও ছাড়ে না।চৈত্র মাস ঘড়িয়ালের প্রজনন ঋতু। এ সময় স্ত্রী ঘড়িয়াল বালুতে ৬০ থেকে ৯০ সেন্টিমিটার দীর্ঘ গর্ত করে একসঙ্গে ৪০ থেকে ৫০টি ডিম পাড়ে। ক্যাপসুল আকৃতির ধবধবে সাদা ডিমগুলো লম্বায় প্রায় ১২ সেন্টিমিটার হয়ে থাকে। ডিমের ওজন প্রায় ২৫০ গ্রাম। ৬০ থেকে ৭৫ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চাগুলো লম্বায় ২৫ থেকে ৩০ সেন্টিমিটার হয়। বাচ্চাদের প্রধান শত্রু বড় ঘড়িয়াল, কুমির, শিকারি পাখি, বোয়ালজাতীয় রাক্ষুসে মাছ ইত্যাদি। বাচ্চারা বছর তিনেকের মধ্যেই প্রায় ১ দশমিক ৫৩ মিটার লম্বা হয়। চার-পাঁচ বছরে প্রজননক্ষম হয়। এরা প্রায় ৫০ থেকে ৬০ বছর বাঁচে।শুধু ভারত, নেপাল ও বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট নদীতে ঘড়িয়ালের দেখা মেলে। বাংলাদেশে ঘড়িয়ালের আবাস প্রধানত, যমুনা নদীর ফুলছড়ি ঘাট থেকে নগরবাড়ী ঘাট পর্যন্ত এবং পদ্মা নদীর চারঘাট থেকে গোদাগাড়ী পর্যন্ত। দলিল-দস্তাবেজ মতে, বর্তমানে ভারতের চম্বল, গীতা, সন, মহানদী, কেন, রামগেঙ্গা, ইয়ামুনা ও ব্রহ্মপুত্রে প্রায় ১৬০টি এবং নেপালের নারায়ণী, কার্নালি, বাবাই ও কোশি নদীতে ৪০টির মতো ঘড়িয়াল বসবাস করছে। আমাদের দেশে ঘড়িয়াল বিলুপ্ত হয়ে গেছে বলে আন্তর্জাতিকভাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু গত কয়েক বছরে পদ্মা নদীতে বেশ কয়েকটি ঘড়িয়াল ধরা পড়ে, যার বেশির ভাগই ছিল বাচ্চা। গত বছর রাজশাহীর পদ্মা নদীতে দুটি দুই মাস বয়সী বাচ্চা ঘড়িয়াল ধরা পড়েছিল। এর একটিকে ঢাকা ও অন্যটি রাজশাহী চিড়িয়াখানায় রাখা হয়েছিল। কিন্তু দুটিই শেষ পর্যন্ত মারা যায়। অতি সম্প্রতি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কবিরপুর চরে পদ্মা নদীতে জেলেদের জালে ২ দশমিক ৫ ফুট লম্বা একটি বাচ্চা ঘড়িয়াল ধরা পড়ে। যদিও এটিকে প্রথমে চকোরিয়ায় বঙ্গবন্ধু সাফারিতে পাঠানোর কথা শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ঘড়িয়ালটি যেখান থেকে ধরা হয়েছিল সেখানেই ছেড়ে দেওয়া হয়েছে। এটি অবশ্যই একটি ভালো কাজ হয়েছে। কারণ প্রকৃতিই তার আসল জায়গা। যাহোক, বার বার বাচ্চা ঘড়িয়াল ধরা পড়ার অর্থ হলো প্রকৃতিতে বাবা-মা অর্থাৎ প্রাপ্তবয়স্ক ঘড়িয়ালও রয়েছে। আর এর অর্থ দাঁড়াচ্ছে, এখনো আমাদের দেশ থেকে ঘড়িয়াল বিলুপ্ত হয়নি। এটা নিঃসন্দেহে খুশির খবর। কিন্তু এরা যেহেতু এ দেশে বিলুপ্তপ্রায় প্রাণী, তাই এদের রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। আর এ জন্য সরকারের পাশাপাশি প্রকৃতি ও প্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে। এ ছাড়া জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিশেষ করে জেলে ও ঘড়িয়ালের আবাসস্থলের নিকটবর্তী এলাকার লোকজনকে বোঝাতে হবে, জালে আটকা পড়লে বা কোনোভাবে ঘড়িয়াল সামনে পড়লে যেন তাকে পিটিয়ে না মারা হয়। আ ন ম আমিনুর রহমানবিভাগীয় প্রধান, প্রাণিবিজ্ঞান বিভাগবশেমুরকৃবি, গাজীপুর [email protected]