বিশ্বকাপ ক্রিকেটের নগর ঢাকা
বিলুপ্তপ্রায় ট্যাক্সি, অতিথিদের চলাচলে বাড়তি ব্যবস্থা নেই
বিশ্বকাপ ক্রিকেটের বিদেশি খেলোয়াড়-দর্শক-সাংবাদিকসহ অতিথিরা অনেকেই এসে গেছেন। কিন্তু রাজধানী ঢাকায় অতিথিদের স্বচ্ছন্দে চলাচলের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা নেই। আন্তর্জাতিক উত্সব আয়োজনে যোগ দেওয়া অতিথিদের একটি বড় অবলম্বন হয় ট্যাক্সি, বাস ও ট্রেন। কিন্তু অপ্রতুলতা, ভিড়, নিম্নমান ও অব্যবস্থাপনার কারণে এ দেশের খোদ রাজধানীর গণপরিবহনও আন্তর্জাতিক মানের বহু পেছনে। এই প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি কোনো তরফেই বিশ্বকাপ উপলক্ষে ঢাকায় আগত অতিথিদের যাতায়াতের সুবিধার জন্য বাড়তি বা বিশেষ কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি বিশ্বকাপে অতিথিদের চলাচলের যানবাহন কী হবে, সে বিষয়ে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি।বেসরকারি পর্যায়ে খোঁজ নিয়ে দেখা যায়, হোটেল বা পর্যটন ব্যবসায় যুক্ত ব্যক্তিরাও বাড়তি অতিথি আসার কথা মাথায় রেখে বিশেষ কোনো আয়োজন করেননি।মহানগরে অতিথিদের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম হতে পারত ট্যাক্সি। কিন্তু দেশে এই গুরুত্বপূর্ণ পরিবহনব্যবস্থা বিলুপ্তপ্রায়। ঢাকায় যে গুটিকতক ট্যাক্সি চলছে, সেগুলোর অবস্থা এতটাই নাজুক যে অতিথি দূরে থাক, রাজধানীবাসীরই তাতে উঠতে মন চায় না।এ ছাড়া ঢাকায় চলা প্রায় ছয় হাজার বাসের (সরকারি হিসাবে) বেশির ভাগই নিম্নমানের। কোনো বাসেই শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা নেই। যাত্রীর তুলনায় বাস অনেক কম হওয়ায় ঢাকাবাসীই সকাল-বিকেল বাদুড়ঝোলা হয়ে চলাচল করে। দেশের অন্যতম প্রতিষ্ঠিত ট্যুর অপারেটর বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পরিচালক এন রফিকুল ইসলাম প্রথম আলোর প্রশ্নের জবাবে জানান, পর্যাপ্ত যানবাহন না থাকায় বিশ্বকাপ উপলক্ষে তাঁরা স্বাভাবিক কর্মসূচির বাইরে কিছু করছেন না।বিশ্বকাপ উপলক্ষে বিদেশিদের নিরাপত্তার কথা চিন্তা করে রাজধানীর ছোট-বড় ৩০টি হোটেলকে বাছাই করেছে ঢাকা মহানগর পুলিশ। বাছাই করা এসব হোটেলে থাকার জন্য পুলিশের পক্ষ থেকে অতিথিদের পরামর্শও দেওয়া হয়েছে। এর অন্যতম হোটেল আম্বালা ইনের স্বত্বাধিকারী ইকবাল খান বলেন, অতিথিদের জন্য তাঁদের কোনো যানবাহন নেই। নিজ উদ্যোগেই তাঁদের চলাচল করতে হবে।সরকারি পর্যটন সেবাদাতা সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, পর্যটন করপোরেশনের একটা রেন্ট-এ কার-সেবা ছিল। এখন এটা বন্ধ। বিশ্বকাপ উপলক্ষে যে অতিথিরা আসবেন, তাঁদের নিজ ব্যবস্থাপনায় ঘুরতে হবে।পাঁচতারকা সোনারগাঁও হোটেলের একটি সূত্র জানায়, তাঁদের অতিথিদের মধ্যে খুব কমই হোটেলের যানবাহন-সুবিধা নেন। প্রায় সবাই নিজ নিজ ব্যবস্থাপনায় ঘোরাফেরা করেন। বেসরকারি ট্যাক্সি সার্ভিস এ ক্ষেত্রে একটি বড় সহায় হতে পারত। কিন্তু ঢাকায় ট্যাক্সি-সেবা প্রায় যেন আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে। ট্যাক্সির সংখ্যা যেমন নগণ্য, তেমনি বেশির ভাগই লক্কড়ঝক্কড়। নগরবাসী প্রয়োজনের সময় তা-ও সহজে পায় না। কাগজে-কলমে ঢাকায় ট্যাক্সি আছে প্রায় আট হাজার। কিন্তু বাস্তবে এক হাজারও চলে না।নতুন ট্যাক্সি নামানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগের ধারাবাহিকতায় সারিকা ট্রেডিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ৭ ফেব্রুয়ারি এক হাজার ট্যাক্সি নামানোর চুক্তি হয়েছে। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান সম্প্রতি প্রথম আলোর কাছে দাবি করেন, তিন মাস পরই কিছু ট্যাক্সি নামতে শুরু করবে। কিন্তু তত দিনে বিশ্বকাপ শেষ হয়ে যাবে। বিআরটিএর চেয়ারম্যান জানান, এ বিষয়ে তাঁরা কোনো বিকল্প চিন্তা করছেন না।