বিলুপ্তপ্রায় পাখি শেখ ফরিদ
পাখির নাম শেখ ফরিদ হয়, শুনে প্রথমে খুব অবাক হয়েছিলাম। কিন্তু স্থানীয় ব্যক্তিরা পাখিটিকে এ নামেই ডাকে।কেতাবি নাম কালা তিতির। ইংরেজি নাম ছিল ব্ল্যাক পাট্রিজ, এখন ডাকা হয় ব্ল্যাক ফ্রাংকোলিন (Tetrao francolinus) নামে। গত শতাব্দীর আশির দশক পর্যন্ত পাখিটিকে বাংলাদেশে বিলুপ্ত ধরা হতো। বর্তমানে কয়েকজন পক্ষীবিদ তেঁতুলিয়া সীমান্তে পাখিটিকে নতুন করে আবিষ্কার করেন। হাতে গোনা আলোকচিত্রী পাখিটির ছবি তুলতে সমর্থ হন।একসময় বাংলাদেশের ঘাসের জঙ্গলগুলোয় ছড়িয়ে থাকা পাখিগুলো জঙ্গল বিনাশের কারণে কোনোক্রমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে তেঁতুলিয়ার সীমান্তবর্তী ঘাসের জঙ্গল, কৃষিজমি, চা-বাগান আর জলার ধারের জঙ্গলগুলোয়।মাঝারি আকারের মাটিতে হাঁটাচলা করা পাখিটি দেখতে কিন্তু ভারি সুন্দর। ঠোঁটের ডগা থেকে লেজের গোড়া পর্যন্ত লম্বায় ৩৪ সেন্টিমিটার, পাখা ১৫ সেন্টিমিটার, ওজন আধা কেজির কিছুটা কম।পুরুষ শেখ ফরিদ দেখতে বেশি সুন্দর। পিঠের দিকটায় কাজল কালোর ওপর সাদা-লালচে ফোঁটা-দাগ রয়েছে। ঠোঁট-মুখ কালো, গাল সাদা। গলা লাল রঙের। পেটের দিকটা কালো, পাখা কালো, হালকা বাদামির ওপর সাদা ফুটকি দেওয়া। মেয়ে শেখ ফরিদের পিঠের দিকটা হালকা বাদামি রঙের, ঘাড়ের পেছনে লাল, কান ও চোখের উপরিভাগের রং লালাভ। গালের কাছে ও গলায় ঘিয়ে রঙের পালক রয়েছে। দেহের নিচের দিকটা সাদা-কালোয় দাগানো। মেয়ে-পুরুষ উভয়েরই চোখের রং বাদামি, ঠোঁট কালো। পা, আঙুল সিঁদুরে লাল হয়ে যায় মিলনকালীন—অর্থাৎ মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত। ঘাসের জঙ্গলের নাবালো এলাকায় এরা বাসা তৈরি করে, ছয় থেকে নয়টি হলদে-সবুজ ডিম পাড়ে। মিলনকালে পুরুষ পাখি গলা তুলে, লেজ খাড়া করে চিক-চিক্রিক ডাক ছাড়ে। শেখ ফরিদ ঘাসের বীজ, শস্যকণা, ঘাসের মোথা, খল, পোকা খেয়ে বাঁচে। ভোরবেলা অথবা সায়াহ্নে এরা বেশি তৎপর। বিশ্বব্যাপী যদিও শেখ ফরিদ বিপন্ন পাখি নয়, বাংলাদেশের জন্য অত্যন্ত বিপন্ন। এই সুন্দর পাখিটি রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত।