বিলুপ্তপ্রায় প্রাণীর সন্ধান!
শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনাঞ্চলে একসময় দেখা মিলত অদ্ভুত রহস্যময় স্তন্যপায়ী ও নিশাচর প্রাণী লরিসের। অনেক বছর ধরে প্রাণীটির কোনো সন্ধান ছিল না। ধারণা করা হয়, আজ থেকে প্রায় ৬০ বছর আগে প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। অবিশ্বাস্যভাবে এবং হঠাৎ করেই বিজ্ঞানীরা এই হারিয়ে যাওয়া প্রাণীটির সন্ধান পেয়ে বিরাট এক আশার আলো দেখছেন। সম্প্রতি গবেষকেরা প্রায় এক হাজার রাত অপেক্ষা করে শ্রীলঙ্কার ১২০টি বন্য এলাকায় অনুসন্ধান চালিয়ে অবশেষে এই হারিয়ে যাওয়া রহস্যময় প্রাণীর সন্ধান পেয়েছেন। মধ্য শ্রীলঙ্কার হার্টন প্লেইনস ন্যাশনাল পার্কে এই প্রাণীর আকস্মিক দেখা মেলে এবং এখানেই প্রথমে এর আলোকচিত্র ধারণ করা হয়। শিকারির আক্রমণ থেকে দ্রুত পালাতে ঘন ও কাঁটাযুক্ত গাছপালার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল ছিল এদের উপযোগী আবাস। সম্প্রতি আকস্মিকভাবে এই প্রাণীর দেখা মিললেও বেশ কিছু গবেষক মন্তব্য করেছেন, ইতিপূর্বে ২০০২ সালে হঠাৎ একবার চলমান এই প্রাণীর জ্বলজ্বলে চোখের ঝিলিক দেখা গিয়েছিল এক বনে। ১৯৩৭ থেকে ২০০২ সাল পর্যন্ত আকস্মিকভাবে দু-একবার লরিস নামের এই প্রাণীর দেখা মিললেও ২০০২ সালের পর এটিকে আর কখনো দেখা যায়নি। আর তখন থেকেই বিজ্ঞানীরা দৃঢ়ভাবে আশা করে আসছিলেন, এই প্রাণীর অস্তিত্ব এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। প্রাণীবিজ্ঞানীদের মতে, ব্রিটিশ উপনিবেশের সময় চা-চাষের জন্য ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংস করা হলে এই প্রজাতির বিলুপ্তি ঘটে। রহস্যময় ও নিশাচর এই প্রাণী হারিয়ে যাওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা অনেক বছর ধরেই তাঁদের গবেষণা ও অনুসন্ধানের ব্যাপারে চেষ্টা চালিয়ে আসছিলেন। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় এই বিলুপ্তপ্রায় প্রাণীর হঠাৎ এভাবে দেখা পাওয়ায় তাঁরা যেন গবেষণার ব্যাপারে আবার নতুন করে উৎসাহ পাচ্ছেন। লন্ডনের জুওলজিক্যাল সোসাইটির সঙ্গে শ্রীলঙ্কার কলম্বো ইউনিভার্সিটি এবং ওপেন ইউনিভার্সিটির গবেষকেরা সম্মিলিতভাবে এই প্রাণীর ব্যাপারে ব্যাপক গবেষণা চালিয়েছেন। জাতিসংঘের পরিবেশ প্রকল্পের গবেষকদের দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৪০ বছরে বিশ্বের মোট প্রাণীর সংখ্যা শতকরা ৩০ ভাগ হ্রাস পেয়েছে। তা ছাড়া ম্যানগ্রোভ এবং সামুদ্রিক ঘাসের অধিকৃত জায়গার পরিমাণ ২০ শতাংশ এবং জীবন্ত প্রবালের পরিমাণও ৪০ শতাংশ কমে গেছে। এই হতাশা ও নৈরাশ্যময় ঘোষণার পর ২০০২ সালে বিশ্বনেতারা কথা দিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন, যেভাবেই হোক ২০১০ সালের মধ্যে সমগ্র বিশ্ব থেকে জীববৈচিত্র্যের হ্রাস-অবস্থার উত্তরণ ঘটানো হবে। বিশ্বনেতাদের শপথমাখা সেই কথা হয়তো এবার বাস্তবায়িত হতে যাচ্ছে। কারণ, সন্ধান পাওয়া এই রহস্যময় প্রাণী ‘স্লেন্দার লরিস’ বর্তমানে বিশ্বের বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর তালিকার শীর্ষ পাঁচটির মধ্যে একটি।প্রদীপ সাহা