বিলেতি গাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের সঙ্গে যাঁদের নাড়ির যোগ, তাঁরা নিশ্চয়ই এ ফলটি চিনবেন। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে এখনো এ ফল বেশ সহজলভ্য। বাড়ির আশপাশের বনবাদাড়ে আপনাআপনিই জন্মায় গাছ। রাতে বাদুড় ফল খেয়ে বীজগুলো নিচে ছড়িয়ে দেয়। সেই বীজ থেকে সহজেই চারা হয় এবং গাদাগাদি করে বেড়ে ওঠে গাছ। নানা বৈরী পরিস্থিতি মোকাবিলা করেও বেঁচে থাকতে পারে। গ্রামে যতটা পরিচিত ঠিক ততটাই অচেনা শহরে। সম্ভবত গাঁওগেরামের ফল বলেই এতটা অবহেলা। কিন্তু বিলেতি গাব (Garcinia mangostana) স্বাদে-গন্ধে অতুলনীয়। আজকাল অবশ্য বর্ষার শেষ দিকে স্বল্প সময়ের জন্য বাজারে দেখা যায়।বিলেত তো পরের কথা, সমগ্র ইউরোপেও এ গাছের কোনো অস্তিত খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। জন্মস্থান মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, জাভা, সিঙ্গাপুরসহ বিভিন্ন উষ্ণমণ্ডলীয় অঞ্চল। মালয় উপদ্বীপে এর কয়েকটি বুনো জাতও পাওয়া যায়। তবু নাম বিলেতি গাব!এমন নামকরণের পেছনে দুটি যুক্তি থাকতে পারে। প্রথমত, আমাদের প্রকৃতিতে আরেকটি গাব আছে, যা এখন দেশি গাব নামে পরিচিত। সেই গাব থেকে আলাদা করার জন্যই এ নাম দেওয়া হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে, ফলটির গায়ের রং লালচে বাদামি, বিলেতের মানুষের মতো। আবার কেউ কেউ বলেন, একসময় আমাদের দেশে একটা প্রবণতা ছিল, যেকোনো কিছুর সঙ্গে বিলেতি শব্দ জুড়ে দেওয়া। সেভাবেও নামটি হয়ে থাকতে পারে। গ্রামে এ ফলের নানামুখী ব্যবহার লক্ষ করা যায়। কাঁচা অবস্থায় কেউ কেউ সবজি হিসেবে রান্না করে খান। কেউ কেউ নুন-মরিচ-চাটনি দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করেন। শিশুরা ভেতরের কোমল আঁটিগুলো বের করে খায়। আর পাকা ফল তো স্বাদে-গন্ধে অতুলনীয়। দেশি গাব ও বিলেতি গাবের মধ্যে বিস্তর তফাত।ঢাকার রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের প্রধান ফটকসহ অন্যান্য স্থানেও বিক্ষিপ্তভাবে চোখে পড়ে বিলেতি গাবের গাছ। মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ। ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। বাকল কালো ও ফাটা ফাটা। পাতা বেশ বড়, চকচকে সবুজ। একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল আলাদাভাবে ফোটে। ফুল ফোটার মৌসুম বসন্ত, ফল পাকে বর্ষায়। ফুল পাকা ফলের মতো মিষ্টি সৌরভ ছড়ায়। ফল ডিম্বাকৃতি বা গোলাকার। কাঁচা ফল সবুজাভ বাদামি, উজ্জ্বল মখমলের মতো ত্বকে আবৃত। পাকা রং লোভনীয় লাল। শাঁস নরম ও সুমিষ্ট। প্রতি ১০০ গ্রাম শাঁস থেকে ৬০ ক্যালরি শক্তি পাওয়া যায়। ফল ও বাকল বিভিন্ন রোগের মহৌষধ। কাঠ শক্ত, ঘরের চৌকাঠ ও অন্যান্য কাজে ব্যবহার্য।