বিলেতি বাবলা আমাদের দেশে
খুলনার ডুমুরিয়ার মানুষ গাছটির ফুল দেখে কিছুটা কৌতূহলী হয়েছিল। কারণ সেখানে এই গাছের সংখ্যা মাত্র একটি আর কয়েক বছর ধরে গাছটিতে ফুল ধরছে এবং এই গাছের নাম কারোরই জানা নেই। এলাকাবাসী জানালেন, কেউ হয়তো বিদেশ থেকে গাছটি সংগ্রহ করে লাগিয়েছেন। গাছটির সঙ্গে আগে পরিচয় না ঘটায় ফুলের ছবি ও নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসি। তারপর ছবি পাঠাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিনের কাছে। তিনি গাছটিকে শনাক্ত করেন বিলেতি বাবলা (Parkinsonia aculeata) হিসেবে। অধ্যাপক জসিম উদ্দিন আরও জানান, সুন্দরবনে তিনি গাছটি দেখেছেন, তবে তখন এতে ফুল ছিল না এবং ব্রিটিশরা গাছটি বাংলাদেশে নিয়ে আসে সৌন্দর্যবর্ধনের জন্য। লাউয়াছড়া জাতীয় উদ্যান ও চট্টগ্রামের পাহাড়েও গাছটি আছে। সাধারণত পাখি, পানি ও বীজের কিছু বৈশিষ্ট্যর কারণে ফল-বীজ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। ডুমুরিয়ার গাছটিও সেভাবেই হয়তো বীজ পড়ে জন্মেছে।তিনি জানান, বিলেতি বাবলা মূলত উত্তর ও মধ্য আমেরিকার প্রজাতি। অ্যারিজোনা অঞ্চলে প্রচুর আছে। ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনা, মেক্সিকোতে। অস্ট্রেলিয়ার টলায়ে গাছটি আগ্রাসী প্রজাতি হিসেবে পরিচিত। প্রধানত সৌন্দর্যবর্ধন ও ছায়াতরু হিসেবে গাছটি অস্ট্রেলিয়ায় আনা হয়েছিল ১৯০০ সালে। গাছ সাড়ে ছয় থেকে ২৬ ফুট উঁচু হয়। পাতা ও কাণ্ড রোমশ। শাখা সরু। ফুল হলুদ, গন্ধযুক্ত। পাপড়ি পাঁচটি থাকে। একটি বোঁটায় ৮-১০টি ফুল থাকে। ফল পড ও হালকা বাদামি। ফুল ফোটে আগস্ট-সেপ্টেম্বরে।